জামালগঞ্জে মরিচ গাছের সঙ্গে শত্রুতা
জামালগঞ্জ উপজেলার এক দরিদ্র কৃষাণীর মরিচ ক্ষেতের গাছ কেটে দিচ্ছে দুর্বৃত্তরা। গত শুক্রবার ও শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কদমতলী গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষাণীর নাম রৌশনারা বেগম। সে মোঃ আমির হোসেনর স্ত্রী। জানা যায়, ধার-দেনা করে আধা বিঘা জমিতে লাভের আশায় মরিচ চাষ করেছিলেন রৌশনারা বেগম। মরিচের চারাগুলো খুব সুন্দরভাবে বড় হয়েছে। প্রতিটি গাছে মরিচের ফুল ধরা শুরু করেছে। কিন্তু দুর্বৃত্তদের কারণে হতদরিদ্র কৃষাণীর স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কৃষাণী রৌশনারা জানান, কাঁচা মরিচের দাম ভাল থাকায় ধার-দেনা করে আধা বিঘা জমিতে মরিচের চাষ করেছিলাম। গাছে ফুল ধরা শুরু হয়েছে। কিন্তু কে বা কারা প্রতিদিন রাতে ২০ থেকে ২৫ টি করে উপড়িয়ে ফেলে রেখে চলে যায়। এতে করে আমার বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে। আমি আল্লাহ কাছে বিচার চাই, যে আমার এই ক্ষতি করছে তার ক্ষতি যেন আল্লাহ করেন।