
জম্মু – কাশ্মীরে খাদে গাড়ি পড়ে মৃত ৬
ভারত শাসিত জম্মু – কাশ্মীরের পুঞ্চে ভয়াবহ পথ দুর্ঘটনা। খাদে গাড়ি পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। মৃতদের মধ্যে ২ জন মহিলা। ঈদ- মিলাদ- নবী ( নবী দিবস) এর সমাবেশ থেকে ফেরার পথে এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশংকাজনক। এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন জম্মু – কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পুলিশ এবং প্রশাসন সূত্রে প্রকাশ, বুধবার (২৬ আগস্ট ) সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটেছে সেরিকোয়ানার শেলধর এলাকায়। ঈদ- মিলাদ- উন- নবীর একটি সমাবেশ থেকে ফেরার পথে, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় ওই গাড়িটি। এ ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের বলে জানিয়েছেন পুঞ্চের ডেপুটি কমিশনার অশোক কুমার শর্মা। খবর পাওয়ার পরেই শুরু হয় উদ্ধার কাজ। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঞ্চের রাজা সুখদেব সিং জেলা হাসপাতালে নিয়ে যান। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে ২ জন মহিলা। আহতদের মধ্যে ৪ বছরের এক শিশুর অবস্থা আশংকাজনক বলে ও জানিয়েছেন আধিকারিকরা। এই সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জম্মু – কাশ্মীরের মুখ্যমন্ত্রী। নিহতের পরিবারকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জম্মু- কাশ্মীরের মুখ্যমন্ত্রীর অফিস। ওই পরিবারগুলিকে সবরকমের সাহায্য করার জন্য পুঞ্চের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জম্মু – কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও।
![]()









