জননিরাপত্তা নিশ্চিত কর
শহীদ ওসমান হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। গণমাধ্যমে ধারাবাহিক হামলা, দেশজুড়ে নৈরাজ্য, শ্রমিক দীপুচন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার বিচার এবং রাউজানে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম-সমন্বয়কারী হাসান মুরাদ শাহ এবং সঞ্চালনা করেন নির্বাহী সমন্বয়কারী মোঃ মোরশেদুল আলম।
সমাবেশে বক্তব্য রাখেন— গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমি, উত্তর জেলার সমন্বয়কারী নাসির উদ্দিন তালুকদার, নির্বাহী সমন্বয়কারী ইঞ্জি. জাহিদুল আলম, মহানগর সম্পাদক মন্ডলীর সদস্য সাধন দত্ত, মহানগর সদস্য কলি কায়েয, ফয়সাল উদ্দিন নয়ন, মোঃ জাহেদ হাসান, মোঃ মামুন, যুব ফেডারেশন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মারুফ হোসেন, ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ তাহমিদুল ইসলাম তামিম ও জুলাই যোদ্ধা শওকত ওসমান তৌকির, শাকিব মাহাতাব রামি সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক সময়ের দঙ্গলবাজি ও সহিংস ঘটনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকা অত্যন্ত রহস্যজনক ও নীরব। এই নীরবতা নিন্দনীয় ও হতাশাজনক। সরকারের এই অবস্থান স্পষ্টভাবে ইঙ্গিত দেয়— গণমাধ্যমকে আতঙ্কে রেখে সত্য উচ্চারণ বন্ধ করাই যেন তাদের লক্ষ্য।
ছায়ানট, উদীচী, প্রথম আলো ও ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানের ওপর সংঘটিত হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। শরিফ ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে মানুষ শোকাহত ও বিচারপ্রার্থী থাকলেও একটি সংগঠিত দঙ্গল সেই শোককে পুঁজি করে পরিকল্পিতভাবে এসব প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। সিসিটিভি ফুটেজে শনাক্ত সকল হামলাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করার জোরালো দাবি জানানো হচ্ছে। আমরা কোনো হিংসা–প্রতিহিংসার রাজনীতি চাই না; তবে দেশকে অস্থিতিশীল করতে যারা সচেষ্ট, তাদের কঠোর ও দৃষ্টান্তমূলক বিচার চাই।
চট্টগ্রামের রাউজান এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে হত্যাচেষ্টার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছি। সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এ ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি—
১. সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
২. গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।
৩. সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে।
৪. দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ন্যায়বিচার ও জননিরাপত্তা নিশ্চিত না হলে সামাজিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।