জনগণকে সেবা দিতে অপেক্ষায় থাকেন চেয়ারম্যান জাহিদ সরকার
সেবা প্রত্যাশী জনগণ যেখানে ইউনিয়ন পরিষদে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতেন বা একটি স্বাক্ষরের জন্য দিনের পর দিন চেয়ারম্যানকে খুঁজে বেড়াতেন। কখনও কখনও বাড়িতে বা হাটে-বাজারে চেয়ারম্যানকে খুঁজতেন একটি স্বাক্ষরের জন্য।
যে কারণে চেয়ারম্যানদের প্রতি অতিষ্ট ছিলেন সাধারণ মানুষ। সেখানে এর উল্টো চিত্র দেখা গেছে বাঘাব ইউনিয়ন পরিষদে। যেখানে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চেয়ারম্যানই অপেক্ষায় থাকেন জনগণের জন্য।
নিজ ইউনিয়নে সেবা প্রত্যাশী জনগণের হয়রানি রোধে বিরামহীন কাজ করে যাচ্ছেন ফাটাকেষ্ট খ্যাত চেয়ারম্যান জাহিদ সরকার। নাগরিক সনদপত্র, প্রত্যায়নপত্র, জন্ম-মৃত্যুনিবন্ধন, ওয়ারিশান সার্টিফিকেট, ডিজিটাল সেন্টারের মাধ্যমে ই-সেবা প্রদান, ভাতা গ্রহিতাদের বিভিন্ন সমস্যা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
এসব সেবা প্রদানে চেয়ারম্যান বা তার লোকজনকে কোনো টাকা দিতে হয়না। উল্টো যেই আসছেন, তাকেই নিজের টাকায় এককাপ চা খাইয়ে সন্তুষ্টি অর্জন করেছেন তিনি। পাশাপাশি প্রতিদিনই তিনি অসহাদের সহযোগীতা করছেন।
বিগত বাঘাব ইউপি নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব নেয়ার পর এক বছরের মধ্যেই ইউনিয়নবাসী চেয়ারম্যান জাহিদ সরকারের প্রতি সন্তোষ্টি প্রকাশ করেছেন।
ইউনিয়নের বাসিন্দারা বলেন, বিগত যে চেয়ারম্যান ছিলেন, তাদেরকে পরিষদে ঠিকমত পাওয়া যেত না। একটি স্বাক্ষরের জন্য অনেকদিন পর্যন্ত ঘুরতে হয়েছে। এখন চেয়ারম্যানকে খুঁজতে হয়না, তিনিই দিনরাত বসে থাকেন নাগরিক সেবা দেয়ার জন্য।
অন্যদিকে বিগত চেয়ারম্যানদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও বর্তমান চেয়ারম্যান জাহিদ সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বরঞ্চ কাজের সচ্ছতা ও ডিজিটাল সেবায় নাগরিক হয়রানি রোধে তিনি কার্যকর ব্যবস্থা নিয়েছেন।
তিনি অনেক রাস্তার কাজ সম্পন্ন করেছেন। ইতিমধ্যে উন্নয়নে বেশকিছু প্রকল্প তৈরী করে সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছেন। এসব প্রকল্প অনুমোদন হলে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন বাস্তবায়ন করতে সচেষ্ট রয়েছেন চেয়ারম্যান জাহিদ সরকার।
এক স্বাক্ষাতকারে চেয়ারম্যান জাহিদ সরকার বলেন, একটি ইউনিয়নে জনগণের নানাবিধ কাজে চেয়ারম্যানের স্বাক্ষরের খুব প্রয়োজন। সেখানে একটি স্বাক্ষরের জন্য কেন মানুষকে দিনেরপর দিন ঘুরতে হবে? আমি নির্বাচনের আগেই ওয়াদা করেছি, জনগণের হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। জনগনের কল্যাণে যা যা করা দরকার আমি করবো। নির্বাচনী সেই ওয়াদা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি, এবং চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ।