- - -

ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার

img 20261126 wa0113
Print News

ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাইডপাড়া, যা ছৈয়দ নুর পাড়া নামেও পরিচিত, ছয় বছর ধরে বিদ্যুৎ সংযোগের বাইরে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকার প্রায় ৯০ থেকে ১০০টি পরিবারের বাসিন্দারা। বিদ্যুৎ সংযোগের দাবিতে বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে মানববন্ধন করেছেন তাঁরা।

মানববন্ধনে নারী-পুরুষসহ কয়েক শ মানুষ অংশ নেন। এ সময় ব্যানার ও ফেস্টুন নিয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রায়হান বলেন, আগে তাঁরা নাফ নদীর বেড়িবাঁধসংলগ্ন এলাকায় বসবাস করতেন। সেখান থেকে সরিয়ে দেওয়ার পর সাইডপাড়ায় ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। কিন্তু ছয় বছর পার হলেও তাঁদের এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।

বাসিন্দা জামাল সরওয়ার বলেন, বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের রাতে পড়াশোনা করতে সমস্যা হচ্ছে। কৃষিকাজ পরিচালনায়ও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। এমনকি মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্যও হ্নীলা স্টেশনে যেতে হয়।

এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন, বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি ইবাদত-বন্দেগি করতেও কষ্ট হচ্ছে। রাতে পর্যাপ্ত আলোর অভাবে নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সমস্যায় পড়তে হয়।

এলাকাবাসীর অভিযোগ, একই ইউনিয়নের পাহাড়ের পাদদেশে অবস্থিত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকলেও প্রধান সড়ক ও টাউনসংলগ্ন এলাকায় বসবাস করেও তাঁরা এ সুবিধা থেকে বঞ্চিত। তাঁদের দাবি, তিনটি বিদ্যুতের খুঁটি স্থাপন করা গেলে এলাকায় সংযোগ দেওয়া সম্ভব হতে পারে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন তাঁরা।

সংযোগের আশায় টাকা দেওয়ার অভিযোগ

গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেওয়ার আশায় তাঁরা হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক মেম্বারকে দেড় লাখ টাকা দিয়েছিলেন। প্রায় দুই বছর চেষ্টা করেও সংযোগের ব্যবস্থা করতে না পারায় পরে তিনি টাকা ফেরত দেন বলে দাবি তাঁদের।

এরপর গ্রামবাসীরা নিজেরাই পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। তাঁদের দাবি, সেখানে সংযোগের জন্য ছয় লাখ টাকা জমা দিতে বলা হয়েছে। আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর পক্ষে এত টাকা জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য রফিক মেম্বার বলেন, বিদ্যুৎ সংযোগের জন্য তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। পরে গ্রামবাসীদের দেওয়া টাকা ফেরত দিয়েছেন।

আবেদন না পাওয়ার কথা পল্লী বিদ্যুৎ কর্মকর্তার

টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান মতিউর রহমান (জেড-১) বলেন, সাইডপাড়ার বাসিন্দাদের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগের জন্য তাঁদের কাছে কোনো আবেদন জমা দেওয়া হয়নি।

তিনি বলেন, বিদ্যুৎ সংযোগের জন্য টাকা জমা নেওয়া হলে তার বিপরীতে ভাউচার বা রসিদ দেওয়ার নিয়ম রয়েছে। খতিয়ানভুক্ত জমিতে বসতবাড়ি থাকলে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংযোগ স্থাপনের উদ্যোগ নেবে।

দ্রুত সংযোগের দাবি

বিদ্যুৎ সংযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন একই ওয়ার্ডের বাসিন্দা ও পাশের পাড়ার বাসিন্দা মুরাদ জিয়া। তিনি স্থানীয় জনপ্রতিনিধি এবং পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এদিকে গ্রামবাসীরা তাঁদের সমস্যার কথা হ্নীলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ডা. নুরুল আজিম সোহেলকে জানিয়েছেন বলে জানা গেছে।

ডা. নুরুল আজিম সোহেল বলেন, দীর্ঘ ছয় বছর চেষ্টা করেও গ্রামবাসী বিদ্যুৎ সংযোগ পাননি। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

গ্রামবাসীদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগের জন্য নির্ধারিত খরচ বহন করতে তাঁরা প্রস্তুত। তবে তাঁদের পক্ষে বিপুল অঙ্কের টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই জমির কাগজপত্র ও সংযোগের ব্যয় যাচাই করে দ্রুত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa