ছত্তিশগড়ের সুকমায় যৌথ বাহিনীর অভিযানে ১০ মাওবাদী নিহত
২০২৬ সালের মধ্যে ভারতকে মাওবাদী মুক্ত করার লক্ষ্য নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্য পুরনের পথে আরও এককদম এগোল দেশ। নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতের ছত্তিশগড়ের সুকমায় অন্তত ১০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত মাওবাদীদের কাছ থেকে একে ৪৭ রাইফেল সহ বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গেছে। ছত্তিশগড়ের সুকমা জেলার বান্দাপাদার জঙ্গলে মাওবাদীদের ঘাটি গেড়েছে। গোপনসূত্রে এমনই তথ্য হাতে এসেছিল নিরাপত্তাবাহিনী কাছে। সেই মতো শুক্রবার (২২ নভেম্বর ) সকালে শুরু হয় অভিযান। গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী। পিছু হঠার জায়গা না পেয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাবে ১০ মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বস্তারের আইজিপি সুন্দর রাজ বলেন, এখনও পর্যন্ত ১০ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে। গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান জারি রয়েছে।