চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন
বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক ও “নিরাপদ সড়ক চাই” আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে ব্রেন টিউমারে ভুগছেন। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছে বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় জানান, ঢাকায় পরীক্ষার পর টিউমার ধরা পড়ে এবং চিকিৎসকদের পরামর্শে গত এপ্রিলে তাঁকে লন্ডনে নেওয়া হয়। গত আগস্টে আংশিক অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাঁর জন্য রেডিয়েশন ও কেমোথেরাপি নির্ধারণ করেছেন। আগামী ছয় সপ্তাহে ৩০টি সেশন শেষে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
এদিকে, ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর জানার পর দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যেমন তাঁর সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছে, তেমনি বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আবু হানিফ এক বিবৃতিতে বলেন—
“ইলিয়াস কাঞ্চন শুধু একজন চিত্রনায়ক নন, তিনি দেশের সড়ক নিরাপত্তা আন্দোলনের পথিকৃৎ। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মাধ্যমে তিনি দেশবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি করেছেন এবং অসংখ্য প্রাণ বাঁচাতে ভূমিকা রেখেছেন। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ মানুষের অসুস্থতা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই—চলুন সবাই মিলে ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া করি। তিনি যেন আবারও সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।”