চাকিরপশার ইউনিয়নে চলছে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সীসা তৈরী কারখানা
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের টোকাইহাট বাজার সংলগ্ন গবর দোলা বড় পুলের পাশে "পনির এমপি'র" পুরাতন ইটভাটার ভিতরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানা গড়ে উঠেছে। চারদিকে প্রাচীর ঘেরা ভিতরে কারখানাটির নেই কোন নাম ফলক। দিনের বেলা নিরব নিস্তব্ধ। গেটের বাইরে থেকে কাউকে ডেকেও সাড়া পাওয়া যায় না। গভীর রাতে গিয়ে দেখা যায়, ভিতরে আগুনের লেলিহান শিখা। আর চারদিকে ব্যাটারি পোড়ানোর এসিডের তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ছে। ব্যাটারি পোড়ানোর জন্য খোলা আকাশের নিচে দুইটি চুল্লি আছে। তাতে নেই কোন চিমনী। চুল্লিতে আগুন জ্বলছে। তার ভিতর ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছে। সিসা কারখানায় বিভিন্ন স্থান থেকে আশা পুরাতন ব্যাটারির প্লেট, প্লাস্টিকসহ অন্যান্য জিনসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ২৫ জন শ্রমিক মাস্কবিহিন গামছা বা পাতলা কাপড় পরে সিসা গলানোর কাজ করছে।
তেমনি বাজারের সুরুজ মিয়া বলেন,
অবৈধভাবে পুরাতন ব্যাটারি আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারনে ফসলি জমিতে ফসল হয় না গরু ছাগল মাঠের ঘাস খেয়ে এলাকার কয়েকটি গরু মারা গেছে। তিনি এ সিসা কারখানা বন্ধ করার জোর দাবি জানান। টোকাইহাট বাজারের কাজী হাসান ফিরোজ বলেন, সিসা কারখানা সরাসরি জীববৈচিত্রের উপর প্রভাব ফেলবে। তাছাড়া মানবদেহের উপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়বে। গলানো সিসা থেকে নির্গত কার্বন ও সিসা আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের শরীরে প্রভাব পড়তে পারে। তাঁরা দুরারোগ্য রোগে আক্রান্ত হতে পারে। সিসা কারখানায় একজন বলেন, বিভিন্ন এলাকা থেকে নষ্ট ও বাতিল ব্যাটারি কিনে আনা হয়। সে ব্যাটারিগুলো কারখানায় এনে ব্যাটারির বিভিন্ন অংশ খুলে আলাদা করে সিসা তৈরি করতে পোড়ানো হয়। এমন খোলামেলা ভাবে ব্যাটারি পোড়ানোর জন্য শ্রমিকদের কোন প্রকার ক্ষতি হবে কিনা এমন জানতে চাইলে তিনি বলেন, না তাদের কোন ক্ষতি হবে না। অনেক দিন ধরে তারা এ কাজ করে আসছে। সিসা কারখানার মালিক আঃ রাজ্জাক মোবাইল ফোনে বলেন, ৫ বছরের চুক্তিতে মাসিক ৩০ হাজার টাকা ভাড়ায় ওই কারখানায় সিসা তৈরির কাজ করা হয়। কারখানার মালিক আব্দুর রাজ্জাক এর বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকায়। কারখানার মালিক এরসাথে মুঠো ফোন কথা বললে তিনি বলেন কোন অনুমোদন নেই। কারখানাটির পরিবেশ এর কোন ছাড়পত্র নেই। দেশের বিভিন্ন জায়গায় শত শত সিসা কারখানা চলছে। সিসা কারখানায় পরিবেশের কোন ক্ষতি নেই বলে তিনি দাবি করেন। গাইবান্ধার মহিমাগঞ্জ থেকে আসা অভিজ্ঞ শ্রমিকরা কাজ করে। ১০-২০ বছর ধরে এ সকল শ্রমিকরা কাজ করে আসছে তাদেরতো কোন সমস্যা হচ্ছে না। তিনি আরও বলেন এলাকার কিছু প্রভাবশালী লোক ও প্রশাসনকে ম্যানেজ করে কারখানা চালাচ্ছি।
কুড়িগ্রামের একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান যে কোন বর্জ্যই খারাপ। বর্জ্য ধ্বংস করার যদি বৈধ পন্থা না থাকে তাহলে সেটা ক্ষতি করবেই। সিসা তৈরির কারখানা মানুষ, পরিবেশ এবং জীববৈচিত্রের জন্য হুমকি। সবচেয়ে বেশি ক্ষতি করে শিশুদের। শিশুদের মেধা বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলে। গর্ভবতী মহিলাদের জন্যও ঝুঁকিপূর্ণ। আর যে সকল শ্রমিক কাজ করে তাদের স্বাস্থ্য ঝুঁকিতো রয়েছেই। এলাকাবাসির দাবী অবৈধ ওই সিসা কারখানা ভেঙে কারখানার মালিকে আইনের আওতায় এনে কঠিন শান্তি চায়। এরজন্য জেলা প্রশাসক কুড়িগ্রাম, জেলা পুলিশ সুপার কুড়িগ্রাম, জেলা প্রশাসন কুড়িগ্রাম, পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম ও রংপুর বিভাগীয় কার্যালয় এবং কুড়িগ্রাম রাজারহাট উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।