
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে বুধবার বিকেলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ দখল উচ্ছেদ এবং ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে নগরীর চাক্তাই ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোলচত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশে ফুটপাতসহ প্রায় ৫০০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া ৪ নম্বর ওয়ার্ডের পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে রাস্তার ফুটপাত দখলমুক্ত করা হয় এবং শতাধিক অবৈধ টং দোকান অপসারণ করা হয়।
উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে পরিচ্ছন্নতা বিভাগের মাধ্যমে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। মশার ওষুধ স্প্রে করার পাশাপাশি নর্দমা ও জমানো পানি পরিষ্কার, ময়লার ভাগাড় উচ্ছেদ এবং ড্রেনের জমাটবদ্ধ পানি নিষ্কাশন করা হয়। চসিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের এই অভিযান পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।
অভিযান পরিচালনাকালে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতার জন্য ভ্রাম্যমাণ আদালত ও চসিক কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
![]()









