চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যুর ঘটনা রোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ ২৯ আগস্ট বিকেল ৫টায় নগরীর নিউ মার্কেট মোড়ে বাসদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, জেলা সদস্য আহমদ জসীম, রায়হান উদ্দীন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি মিরাজ উদ্দীনসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামে পাহাড়গুলো যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। একের পর এক পাহাড় ধসে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় প্রশাসন নির্বিকার। নামমাত্র কিছু উচ্ছেদ ছাড়া আর কোনো কিছুই যেন তাদের করার নেই।
গত ১৬ বছরে প্রায় ২৪৮ জন মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু এর প্রতিকারে কোনো ভ্রুক্ষেপ নেই। সম্প্রতি নগরীর মেয়ে-বাবাসহ দুজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রশাসনের উদাসীনতাকেই প্রমাণ করে। শুধু বর্ষাকালে অতিবৃষ্টি নয় অবৈধভাবে পাহাড় কাটার জন্য এতে মৃত্যুঝুঁকি বাড়ছে।
বক্তারা আরও বলেন, চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার জন্য সাধারণ মানুষের সংকট কমছেই না। এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের খুবই দুর্ভোগ পোহাতে হয়।
তারা আরও বলেন, বরাদ্দ হয়, প্রকল্প হয় কিন্তু তার কোনো সুফল সাধারণ মানুষের জন্য আসেনি। এ পরিস্থিতিতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় ছাড়া কোনো বিকল্প নেই।