চকরিয়ায় ১,৬০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা, সুরাজপুর-মানিকপুর ও লক্কাচর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হকের সুপারিশে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ-এর নির্দেশনায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সহযোগিতা করে কাজুকু ভূঁইয়া ওয়ার্ল্ড ফেয়ার ট্রাস্ট এবং ব্যবস্থাপনায় ছিল মাল্টিস সার্ভ ইন্টারন্যাশনাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব সাফওয়ানুল করিম। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অতীত থেকেই অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। বর্তমানে চকরিয়া-পেকুয়ার উন্নয়নের পাশাপাশি সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তিনি মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
প্রাণ বিতরণের পূর্বে বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক। তিনি বলেন, জনগণের দোয়া ও মহান আল্লাহর রহমতে স্বরাষ্ট্রমন্ত্রী জীবন মরনের সন্ধিক্ষণ থেকে ফিরে এসে দেশের মানুষের সেবায় পুনরায় নিজেকে আত্মনিয়োগ করেছেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর চলমান কার্যক্রম অব্যাহত রাখতে সবাই যেন তাঁর জন্য দোয়া করেন এবং আল্লাহর কাছে নেক হায়াত কামনা করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক বন্যাদুর্গত মানুষ উপস্থিত ছিলেন।