ঘোড়াঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু বক্করের দাফন সম্পন্ন।
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার এসকে বাজার এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কর আর নেই। অসুস্থতাজনিত কারণে বুধবার (১৮ নভেম্বর) ভোরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কর মহান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের অধীনে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে সম্মুখযুদ্ধে সাহসিকতার সঙ্গে অবদান রাখেন। তাঁর মুক্তিযোদ্ধা ক্রমিক নম্বর ১৫০/৮৬। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ল্যান্স নায়েক পদে দায়িত্ব পালন করেন এবং ২৩ ই বেঙ্গল ইউনিটের সদস্য ছিলেন।
বুধবার দুপুর ২টায় ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থানে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বেলা ৩টায় খোলাহাটি ক্যান্টনমেন্টের পক্ষ থেকেও তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মাননা শেষে তাঁকে ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আবু বক্করের অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে এলাকার মানুষ একজন সাহসী মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক সন্তানকে হারালেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।