ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা: ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ আসামি ৩৫, গ্রেপ্তার ২।
দিনাজপুরের ঘোড়াঘাটে গোপন বৈঠক, নাশকতার পরিকল্পনা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড জব্দ করা হয়।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে ঘোড়াঘাট পৌরসভার খিতাপমোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছেন। তারা সরকারি-বেসরকারি স্থাপনার ক্ষতিসাধন, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।
ঘোড়াঘাট থানার পুলিশের একটি দল রাত ৯টা ১৫ মিনিটে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড জব্দ করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, এ ঘটনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুষ্টুসহ মোট ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের অভিযানে এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ জহুরুল ইসলাম (৫০) ও মোঃ জুয়েল বাবু (৪০)। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই এলাকায় নাশকতার পরিকল্পনা চলছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা পালিয়ে গেছেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।