ঘুষ নিতে গিয়ে পাকড়াও খনিকর্তা, ওড়িশায় আধিকারিকের ফ্ল্যাটে মিলল ৪ কোটি নগদ ও সোনার পাহাড
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের পর ওড়িশার এক খনি আধিকারিকের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করল রাজ্য ভিজিল্যান্স দপ্তর। ধৃত আধিকারিকের নাম দেবব্রত মোহান্তি। তিনি কটক সার্কলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। তাঁর ভুবনেশ্বরের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি নগদ এবং ১৩০ গ্রাম সোনা উদ্ধার করেছেন তদন্তকারীরা। তদন্তকারী সূত্রে জানা গেছে, দেবব্রত মোহান্তির বিরুদ্ধে কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত সুবিধা পাইয়ে দেবার বদলে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী ) এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ভিজিল্যান্সের পাতা ফাঁদে হাতেনাতে ধরা পড়েন তিনি। গ্রেফতারের পরপরই মোহান্তির একাধিক ঠিকানায় তল্লাশি শুরু করে প্রশাসন। ভুবনেশ্বর মোহান্তির ফ্ল্যাট ভদ্রকে পৈতৃক বাড়ি এবং কটকের চেম্বারে একযোগে অভিযান চালানো হয়। ভুবনেশ্বরের ফ্ল্যাটে তল্লাশি চলাকালীন একটি ট্রলিব্যাগ এবং আলমারির ভেতর থরেথরে সাজানো নোটের বান্ডিল দেখে চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীকে। প্রাথমিক গণনায় ৪ কোটি টাকা উদ্ধার হলেও। তদন্তকারীদের অনুমান আরও বিপুল পরিমান অর্থ লুকনো থাকতে পারে। নগদ ছাড়া ও বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৩০ গ্রাম সোনা। একজন সরকারি আধিকারিকের বাড়ি থেকে এত বিপুল পরিমান নগদ টাকা উদ্ধারের ঘটনায় ওড়িশার প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আয়ের উৎসের সঙ্গে এই বিপুল সম্পত্তির কোনো সামঞ্জস্য না থাকায় তাঁর বিরুদ্ধে আয়ের অতিরিক্ত সম্পত্তির মামলা রুজু করা হচ্ছে। এই দুর্নীতির শিকড় আরও গভীরে কিনা, তা খতিয়ে দেখছেন ভিজিন্যান্স আধিকারিকেরা।