ঘরের উপর ডাম্পার, ঘুমন্ত মা ও মেয়ের মৃত্যু
ভারতের আসামরাজ্যের দক্ষিণ কামরুপ জেলার গরৈমারী বরভিটা এলাকায় রবিবার (১১ জানুয়ারি ) গভীর রাতে এক হৃদয়বিদারক ঘটনা সংগঠিত হয়েছে। ঘুমন্ত অবস্থাতেই প্রাণ হারালেন মা ও মেয়ে। একটি বালি বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁচা বাড়ির ওপর উল্টে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় সালেহা খাতুন ও তাঁর কন্যা নাজমা খাতুনের। স্থানীয় সূত্রে প্রকাশ, ঘটনার সময় পরিবারটির সদস্যরা বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বালি ভর্তি ডাম্পারটি বাড়ির ওপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বাড়িটি ধসে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান পরিবারের একাধিক সদস্য। প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং পরে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন পরিবারের আরও ৩ জন সদস্য। তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।