গ্রেপ্তার ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি শহীদুল ইসলাম আকাশ।
দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় শহীদুল ইসলাম আকাশ (৫৬) নামের কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহীদুল ইসলাম আকাশ একই গ্রামের বাসিন্দা এবং ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংগঠনটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই সময় পুলিশের অভিযানে দুজনকে আটক করা হয় এবং অন্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি ও মোটা লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর রাতে ঘোড়াঘাট পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে শহীদ-ফরিদের চালকলের চাতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, ১৫ নভেম্বরের ওই ঘটনার মামলাটি তদন্ত করতে গিয়ে শহীদুল ইসলাম আকাশের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হবে।