গ্রামাঞ্চলে খেজুর রস ও নলেন গুড়ের মৌ মৌ গন্ধ
শীতের দিন মানেই গ্রামাঞ্চলে খেজুর রস ও নলেন গুড়ের মৌ মৌ গন্ধ। শীতের সকালে খেজুরের তাজা রস যে কতটুকু তৃপ্তির তা বলে বোঝানো যাবে না। আর খেজুর রসের পিঠা এবং পায়েসতো খুবই মজাদার। এ কারণে শীত মৌসুমের শুরুতেই গ্রামাঞ্চলে খেজুর রসের ক্ষির, পায়েস ও পিঠে খাওয়ার ধুম পড়ে যায়।
খেজুর রস সংগ্রহ এবং নানান ধরনের পিঠা সৃষ্টি করে ভিন্ন এক পরিবেশ। প্রকৃতিতে অগ্রহায়ণ আসতেই লক্ষ্মীপুরে শুরু হয় খেজুর রসের মৌসুম। রামগতি- আলেকজান্ডার, হাসনাবাদ, চররমণীমোহন, রসূলগঞ্জ, চরমোহনা, হায়দরগঞ্জে সাত সকালে বসে রসের মেলা।
শীত মৌসুম এলেই গাছিদের মাঝে খেজুরগাছ কাটার ধুম পড়ে যায়। এই মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বত্র শীত উদযাপনের নতুন আয়োজন শুরু হয়। খেজুরের রস আহরণ ও গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন এ অঞ্চলের গাছিরা। তাদের মুখে ফুটে ওঠে রসালো হাসি।
স্থানীয়রা বলছেন, শীত মৌসুম এলেই গাছ থেকে রস সংগ্রহ করা হয়। রস থেকে গুড় তৈরির পর্ব শুরু হয়ে চলে প্রায় ফাল্গুন মাস পর্যন্ত। হেমন্তের প্রথমে বাজারগুলোতে উঠতে শুরু করে সুস্বাদু খেজুরের পাটালি ও গুড়। অবহেলায় বেড়ে ওঠে খেজুরের গাছের কদর এখন অনেক বেশি।