গাছের নিচে চাপা পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচরে গাছের নিচে চাপা পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
উপজেলার চরজুবলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন
নিহত আওয়ামী লীগ নেতার নাম আব্দুর রব (৬৫)। তিনি চরজুবলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে। আব্দুর রব নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নিজ বাড়িতে শ্রমিকদের দিয়ে গাছ কাটানোর কাজ করাচ্ছিলেন আব্দর রব। ওই সময় সেখানে গাছ কাটার কাজের তদারকি করছিলেন তিনি। একপর্যায়ে একটি করই গাছ কাটার সময় সেটা তার শরীরে পড়লে তিনি অজ্ঞান হয়ে যান ।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিজের গাছ কাটানোর সময় এ দুর্ঘটনা ঘটে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।