খড়িবাড়িতে রান্নার কাজ করতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
রান্নার কাজ করতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। মৃত মহিলার নাম গীতা রায়। ঘটনাটি সংগঠিত হয়েছে ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির গৌরীজোত এলাকায়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুন) রাত ৯টা ৩০ মিনিটে বাড়ির কলের পাড়ে কাজ করছিলেন গীতা দেবী। সেই সময় আচমকাই তীব্র বজ্রপাত হলে তিনি সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই আকস্মিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও গোটা গৌরীজোত এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। খড়িবাড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।