কেরলে বাজির অভিশাপ, ত্রিশূরে বিস্ফোরণে মৃত কমপক্ষে ১৩ শ্রমিক, আহত ৪
ভারতের কেরলে বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল কমপক্ষে ১৩ জন শ্রমিকের। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল ) ত্রিশূর জেলার মুন্ডাথিকোডে দুপুর ৩ টা ৩৫ মিনিটে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। খবর পেয়ে উদ্ধার কাজে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বিভাগ। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালানো এক দমকল কর্মী জানিয়েছেন, বাজি কারখানাটি ছিল শুকিয়ে যাওয়া একটি ধানক্ষেতের মধ্যে। প্রখর গরমের কারণে ঘটনাটি আরও গুরুতর হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তত ১৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত ৪০ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। খবর পেয়ে পুলিশ, দমকল এবং অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে ত্রিশূর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। কেরলের দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মোদী। বাজি কারখানায় বিস্ফোরণের খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাজ্যের মুখ্যসচিবকে দ্রুত যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন।