কুয়াশায় দিল্লি - মুম্বই সড়কে ২০টি গাড়ির সংঘর্ষে মৃত ৪, বাতিল ৬৬ উড়ান
ভারতের রাজধানী দিল্লির বাতাস ভয়ানক। সোমবার (১৫ ডিসেম্বর ) সকালে ও দিল্লিতে বাতাসের গুণমান সূচক (একিউআই) ছিল ৪৫০ এর উপরে। এর জেরে এখনও পর্যন্ত ৬৬ টি উড়ান এবং ৬০টি ট্রেন বাতিল হয়েছে। দেরিতে উড়েছে ৪০০ টি উড়ান। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লিওনেল মেসির বিমান ও। অপরদিকে, ঘন কুয়াশার কারণে সোমবার (১৫ ডিসেম্বর ) সকালে দিল্লি - মুম্বই জাতীয় সড়কে পরপর ২০টি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। ওই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িছে পড়ে দুর্ঘটনার ভিডিও। পুলিশ জানিয়েছে, সোমবার (১৫ ডিসেম্বর ) ভোর ৫টায় দিল্লি - মুম্বই জাতীয় সড়কে পর পর ২০টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে ২ পুলিশকর্মী সহ ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন ২০ জন। দুর্ঘটনার সময় দৃশ্যমানতা কার্যত শূন্যে নেমে গিয়েছিল। ২টি ওভারলোড ডাম্পারের মধ্যে সংঘর্ষ দিয়ে শুরু হয় ধারাবাহিক দুর্ঘটনা। ২টি ট্রাক উল্টে যায়। সবমিলিয়ে ২০টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।