
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়া কলেজপাড়া এলাকায় মোবাইলে কথা বলার সময় নির্মাণাধীন ভবনের পাচতলা থেকে পড়ে নাজমুল হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান (৩৩) উপজেলা সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল হাসান ও তার কয়েকজন বন্ধু মিলে উপজেলা সদরের কলেজপাড়া এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় যায়। সেখানে গিয়ে তার সাথের বন্ধুরা মিলে লুডু খেলছিল। এ সময় নাজমুল হাসান মোবাইল ফোনে কথা বলছিল। এরই এক ফাঁকে নাজমুল হাসান ওই ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। তার পড়ে যাওয়ার শব্দ শুনে লুডু খেলায় থাকা তার বন্ধুরা দৌড়ে এসে দেখে নাজমুল হাসান ভবনের নিচে পড়ে আছে। এ সময় তারা নিচে নেমে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাজমুল হাসান নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছে ঘটনাস্থল পরিদর্শনকালে শুনেছি সে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
![]()









