- - -

কুমিল্লা নগরীর কাপ্তানবাজারে চলাচলের রাস্তায় দেয়াল তুললেন এনসিপি নেতা

Print News

কুমিল্লা নগরীর কাপ্তানবাজারে চলাচলের রাস্তায় দেয়াল তুললেন এনসিপি নেতা

 

কুমিল্লা নগরীর ৪নং ওয়ার্ড কাপ্তানবাজার এলাকায় চলাচলের রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ফজলে এলাহি রুবেলের বিরুদ্ধে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা কুমিল্লা সিটি করপোরেশনে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ফজলে এলাহি রুবেল এনসিপি কুমিল্লা জেলা সমন্বয় কমিটির সদস্য। তিনি এর আগে কুমিল্লা গণঅধিকার পরিষদের নেতা ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার সিএনজি স্টেশন সংলগ্ন বাচ্চু মিয়ার বাড়ির পাশের গলিটি সম্প্রতি সিটি করপোরেশনের অর্থায়নে পাকা করা হয়। কিন্তু সোমবার এনসিপি নেতা রুবেল রাস্তাটির একাংশ দখল করে দেয়াল নির্মাণ শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, এ দেয়াল নির্মাণের ফলে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, দেয়ালটির কারণে পুরাতন গোমতী নদীর পানি নিষ্কাশনের পথও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম জনদুর্ভোগ দেখা দিতে পারে।

ভুক্তভোগীদের পক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনে দায়ের করা অভিযোগে স্বাক্ষর করেছেন স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া, ডা. আলী আশরাফ, মো. আব্দুল মতিন, রুবিনা আক্তারসহ আরও অনেকে। তারা জানান, এনসিপি নেতা রুবেল রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ অবৈধ কাজটি করছেন।
তাদের আশা, সিটি করপোরেশন কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ দেয়ালটি অপসারণ করবে এবং জনসাধারণের চলাচলের পথ পুনরায় উন্মুক্ত করে দেবে।

এবিষয়ে এনসিপি নেতা ফজলে এলাহি রুবেল বলেন, আমার বসতবাড়িটি পুরোনো (মরা) গোমতী নদীর একেবারে শেষ অংশে। রাস্তাটি সিটি করপোরেশন পাকা করলেও তা আমাদের এজমালিকানা সম্পত্তি। আমার বসতবাড়ির নিরাপত্তার জন্য দেওয়াল ও গেট নির্মাণ করা প্রয়োজন। এখানে বখাটে ও নেশাখোরদের উৎপাত রয়েছে। এজন্য দেয়াল নির্মাণ করছি।

তিনি আরও বলেন, চারদিন আগে কুমিল্লা সিটি করপোরেশনকে লিখিত জানিয়েছি।

কুমিল্লা সি‌টি ক‌রপোরেশ‌নের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন বলেন, লিখিত অভিযোগ সম্পর্কে আমি এখনও কিছু জানি না। পরে এ বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa