কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মা হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ১১ নভেম্বর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী (২৩) ও তাঁর মা তাহমিনা বেগম (৫২) হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে আগামী বুধবার (১১ নভেম্বর) নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সুমাইয়ার ভাই আল-আমিন। তিনি জানান, পূর্বনির্ধারিত দিনে মামলার রায় ঘোষণা করা হয়নি। আগামী ১১ নভেম্বর রায় ঘোষণার নতুন দিন ধার্য করা হয়েছে।
এর আগে মামলার বিচারিক কার্যক্রম শেষে গত ২৭ অক্টোবর যুক্তিতর্ক সম্পন্ন হয়। পরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। মামলার আইনজীবী অ্যাডভোকেট সোহেল হোসাইন জানিয়েছিলেন, আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছিলেন, আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি দেবেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া আফরিন রিনথী ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর অভিযুক্ত মো. মোবারক হোসেনকে (২৯) গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ঝাড়ফুঁকের সূত্র ধরে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি সুমাইয়াকে ধর্ষণ এবং বিষয়টি দেখে ফেলায় তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার কথা স্বীকার করেন।
এ ঘটনায় দুইজনকে হত্যার বিচার ঘিরে নিহতদের পরিবার, স্বজন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিচার পাওয়ার প্রত্যাশা রয়েছে। এখন আগামী ১১ নভেম্বর মামলার রায় ঘোষণার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।