কুড়িগ্রামে ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মোগলবাসা মালভাঙ্গার জাহিদ হাসান বশির হত্যা মামলার চার্জশীটে এজাহারভুক্ত আসামীদের বাদ দেওয়ার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়কপথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসী।
প্রতিবাদকারীরা অভিযোগ করেন, হত্যা মামলার এজাহারে নাম থাকা আসামীদের চার্জশীটে বাদ দেওয়া হয়েছে। এতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রশ্ন তুলে বলেন, এজাহারভুক্ত আসামিরা কীভাবে চার্জশীট থেকে বাদ পড়ল, দেশে এসব কী হচ্ছে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “হত্যাকাণ্ডের বিচার না হলে পরিবারটি ন্যায়বিচার পাবে না। এজাহারভুক্ত আসামিদের চার্জশীট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
এলাকাবাসীর দাবি, মামলার এজাহারভুক্ত সব আসামিকে চার্জশীটে অন্তর্ভুক্ত করা, অভিযুক্তদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করা। অন্যথায় কুড়িগ্রামে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
স্থানীয়রা বলেন, এ ধরনের ঘটনা সমাজে আইনের শাসন ও বিচারব্যবস্থার প্রতি আস্থা সংকট তৈরি করে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা।
প্রসঙ্গত, মোগলবাসা মালভাঙ্গার জাহিদ হাসান বশির হত্যা মামলার চার্জশীটে এজাহারভুক্ত আসামীদের বাদ দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানান, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেছেন।