কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু অংশ নিলেন প্রার্থীরা
‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অক্টোবর-২০২৬-এর প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রথম দিনের বাছাই কার্যক্রমে অংশগ্রহণকারী প্রার্থীদের শারীরিক উচ্চতা ও অন্যান্য মাপ, বুকের মাপ, বয়স এবং নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত সনদসহ সব ধরনের কাগজপত্র ও আনুষঙ্গিক নথি যাচাই-বাছাই করা হয়।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি প্রার্থী ও তাঁদের অভিভাবকদের কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার আহ্বান জানান। তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া কিংবা দালালের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ নেই। তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।
আগামী দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে মাঠে আসার পরামর্শ দেন পুলিশ সুপার।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আগামী ১৪ নভেম্বর শারীরিক যোগ্যতার প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় দিনের Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণ করবেন। এ জন্য প্রথম দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের সকাল ৭টার আগেই কুড়িগ্রাম পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে উপস্থিত থাকতে হবে।
প্রাথমিক বাছাই কার্যক্রমে কুড়িগ্রাম পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর), ডিএমপি, ঢাকা মোঃ শাহজাহান হোসেন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিঅ্যান্ডপিএস-১), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মোঃ আতিকুর রহমান।
কুড়িগ্রাম টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ডিএম হাসিবুল বেনজীর এবং রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।
এ ছাড়া কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনিচ উদ্দীন, পিপিএম; কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা; নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ; ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসীর মামুন মুন; রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির এবং পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
নিয়োগের প্রথম দিনের কার্যক্রমের মধ্য দিয়ে যোগ্য ও শারীরিকভাবে সক্ষম প্রার্থীদের পরবর্তী ধাপে অংশগ্রহণের পথ তৈরি হয়েছে। স্বচ্ছতা, সততা ও মেধার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করার প্রত্যাশা নিয়ে আগামী দিনের পরীক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে।