- - -

কুড়িগ্রামে গাছ পাগল এক দপ্তরি, ১২ বছরে লাগিয়েছেন ১২ হাজার গাছ

Print News

কুড়িগ্রামে গাছ পাগল এক দপ্তরি, ১২ বছরে লাগিয়েছেন ১২ হাজার গাছ

 

মোঃ আনোয়ার হোসেন পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। ছোট চাকরি করলেও তার স্বপ্ন অনেক বড়। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’, এই চিন্তা থেকে তিনি গত ১২ বছর ধরে নিজের টাকায় গাছ লাগিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত প্রায় ১২ হাজারের ওপর গাছ লাগিয়েছেন। এর মধ্যে প্রায় ৬ হাজার গাছে ফল ও ফুল ধরেছে।

সরেজমিনে দেখা গেছে, গ্রামের রাস্তা, স্কুল, শহরের সড়ক-যেখানে জায়গা পেয়েছেন, সেখানেই গাছ লাগিয়েছেন। শুধু গাছ লাগানো নয়, নিজেই সেগুলোর যত্নও নিচ্ছেন।

বৃক্ষপ্রেমী মোঃ আনোয়ার হোসেন কুড়িগ্রাম জেলার সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের বাসিন্দা ও টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে কর্মরত। কথা হয় মোঃ আনোয়ার হোসেনের সাথে। তিনি বলেন, ছোটবেলা থেকেই গাছের প্রতি আমার অনেক ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই গাছ লাগানো শুরু করি। কিন্তু আমার চাহিদা অনুযায়ী সব করতে পারছি না। তাই একটি কবরস্থান পরিষ্কার করে সেখানে চারা উৎপাদন করছি, যেন আরও বেশি জায়গায় গাছ লাগাতে পারি।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলা শহরের তারামন বিবি সড়কে প্রায় ৮ কিলোমিটার জায়গাজুড়ে ৫০০টির মতো গাছ লাগিয়েছি। এ ছাড়া হলোখানা ইউনিয়ন থেকে পৌরসভা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তায় গাছ লাগিয়েছি। বাস টার্মিনাল থেকে সার্কিট হাউস সড়কে সোনালু গাছ লাগিয়েছি।

শুধু তাই নয়, মোঃ আনোয়ার হোসেন কুড়িগ্রাম জেলা শহরের রোড ডিভাইডার পরিষ্কার করে সেখানে ফুলের গাছ লাগিয়ে সৌন্দর্যও বাড়িয়েছেন। কৃষ্ণচূড়া, বকুল, বটসহ নানা ধরনের গাছ লাগিয়েছেন নিজের উদ্যোগে।

স্থানীয় শিক্ষার্থী মোঃ মিজানুর রহমান বলেন, ছোট থেকে টিফিনের টাকা বাঁচিয়ে মোঃ আনোয়ার হোসেন চাচাকে গাছ লাগাতে সাহায্য করেছি। তিনি অনেক কষ্ট করে কাজ করেন। যদি সরকারি সহায়তা পেতেন, তাহলে আরও ভালো করতে পারতেন।

স্থানীয় বাসিন্দা মোঃ ফরিদ হোসেন বলেন, মোঃ আনোয়ার হোসেন ভাই আমাদের এলাকার গর্ব। ছোট চাকরি করেও নিজের টাকায় গাছ লাগাচ্ছেন। তার লাগানো গাছ শহরের সৌন্দর্য বাড়িয়েছে। তাকে সহায়তা করা হলে আরও বড় পরিসরে কাজ করতে পারবেন।

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা বলেন, মোঃ আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নিজের টাকায় গাছ লাগাচ্ছেন। তিনি সরকারি সহযোগিতা পেলে এ কাজ আরও বড় পরিসরে করতে পারবেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উদ্ভিদবিদ মির্জা নাসির উদ্দিন বলেন, মোঃ আনোয়ার হোসেন আমাদের জন্য অনুপ্রেরণা। তার গাছ লাগানোর ফলে শহরের সৌন্দর্য যেমন বেড়েছে, তেমনি পরিবেশও ভালো হচ্ছে।

তিনি আরও বলেন, একজন সাধারণ মানুষ হয়েও মোঃ আনোয়ার হোসেন দেখিয়ে দিয়েছেন, ইচ্ছে থাকলে একাই অনেক বড় পরিবর্তন আনা সম্ভব। তার এই উদ্যোগ নতুন প্রজন্মকে গাছ লাগাতে উৎসাহিত করছে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa