কালিগঞ্জে আকস্মিক ভূমিকম্পে এম এম প্লাজায় ফাটল, জনমনে ব্যাপক আতঙ্ক!
কালিগঞ্জে আকস্মিক ভূমিকম্পে এম এম প্লাজায় একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ৬ তলা ভবনের চতুর্দিকে একাধিক ফাটল দেখা দিলে আতঙ্কিত হয়ে পড়ে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
তাৎক্ষণিক বিল্ডিংয়ে অবস্থানকারী ব্যবসায়ী, ব্যাংক-বীমা কর্মকর্তা, বসবাসকারী ভাড়াটিয়া আতঙ্কে বিল্ডিং থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। তবে আরো শক্তিশালী ভূমিকম্প আরো শক্তিশালী হলে ঝুঁকিপূর্ণ ভবনটিতে রানা প্লাজার মত মারাত্মক দুর্ঘটনা ঘটে যেত এমনটি মনে করছেন সচেতন মহল।
জানা গেছে, কয়েক বছর আগে আলহাজ্ব মতিউর রহমান নামের এক ব্যক্তি জায়গা (পুকুর) ক্রয় করে নিজের ইটভাটার ইট দিয়ে ভরাট করেন। পরবর্তীতে কোন নির্মাণ প্রকৌশলীর প্ল্যান ছাড়াই নিজ উদ্যোগে বহুতল ভবনটির কাজ শুরু করে। শুরুতেই পুকুর ভরাট করে ঢালাই দিলে সেই ঢালাই ছিদ্র হয়ে অনবরত পানি উঠতে থাকে। বিষয়টি দেখতে ওই সময় উৎসুক জনতার ভিড় লেগে থাকত।
তখন পুকুরের তলদেশ থেকে পানি ওঠা বন্ধ করতে না পারলেও নিজের মতো করে কাজ চালিয়ে যান। ভবন নির্মাণ শেষে শেষে তৎকালীন জেলা প্রশাসক প্রকৌশলীর প্লান দেখতে চাইলে সে সময় মোটা অংকের টাকায় ম্যানেজ করে একটি ভুয়া প্লান জমা দিয়ে রেহাই পায়। সেই থেকে এই ভবন নিয়ে মানুষের মধ্যে এখনো পর্যন্ত আতঙ্ক বিরাজ করছে।
যে কোনো সময় শক্তিশালী ভূমিকম্প হলে ভবন ধসে মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে মনে করেন সচেতন মহল। বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি তবে এখনো সরেজমিনে যায়নি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করব।