কালাইনছড়া টোল গেটে ৯ জন রোহিঙ্গা আটক
আসামের কাটিগড়ার কালাইনছড়া টোল গেটে ৯ জন সন্দেহভাজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি ) সকাল ১০টায় দিগরখাল ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল ওই রোহিঙ্গা নাগরিকরা। জানা গেছে, খবর পেয়ে কাটিগড়া সনাতনী সংঘের সভাপতি সুমিত বৈষ্ণবের নেতৃত্বে সংঘের সদস্যরা পুলিশের সহযোগিতায় কালাইনছড়া পুলিশ নাকা চেক গেটে অভিযান চালায়।

অভিযানে ২টি অটো রিকশা থেকে মোট ৯ জন সন্দেহভাজন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় ও যাতায়াতের উদ্দেশ্য নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পরে তাদের কালাইনছড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে আটক সকলেই পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ তাদের নাগরিকত্ব যাচাই সহ অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখছে। পাশাপাশি, এ ঘটনার সঙ্গে কোনো দালাল চক্র জড়িত রয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতংক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।