বর্তমান সময়ের সেরা জুটি কনা-ইমরান এবারই প্রথম একসঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন টানা দশটি স্টেজ শোতে অংশ নিতে। বিষয়টি নিশ্চিত করেছেন এ দুই শিল্পী। যুক্তরাষ্ট্রের ডালাস, ওয়াশিংটন, ফ্লোরিডা, টেক্সাস, আটলান্টা, লস অ্যাঞ্জেলসসহ আরও কয়েকটি স্টেটে তারা পারফর্ম করবেন। ডালাসে ৩ সেপ্টেম্বর প্রথম স্টেজ শোতে গান পরিবেশনের মধ্যদিয়ে পুরো একমাসের এই যাত্রা শুরু হবে। ফিরবেন আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে। আজ রাত সাড়ে ৯টায় কাতার এয়ারলইন্সের বিমানে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কনা-ইমরান তাদের টিমের চারজন মিউজিসিয়ানসহ রওনা দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রে ইমরান আর আমার এটাই প্রথম মিউজিক্যাল সফর। অনেক আগেই আমরা বিশেষত আমি আর ইমরান যুক্তরাষ্ট্রে শোতে যেতে পারতাম। কিন্তু আমরা চেয়েছিলাম আমাদের শ্রদ্ধেয় মিউজিসিয়ানদের নিয়ে তবেই যাব। সেই স্বপ্নটা পূরণ হয়েছে বিধায় আরও বেশি ভালো লাগছে। সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বলেন, এর আগে আমি আর কনা আপু লন্ডনে, অস্ট্রেলিয়াতে একসঙ্গে একইমঞ্চে স্টেজ শো করেছি। যেহেতু আমাদের বেশকিছু সুপারহিট ডুয়েট গান আছে, তাই স্টেজ শো গুলোতে ডুয়েট গানের অনুরোধ থাকলে আমরা বেশ সানন্দেই পরিবেশন করতে পারি। তো যথারীতি আশা করছি এবারও ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। দীর্ঘ আট বছর পর আমি আমেরিকা যাচ্ছি। আশা করছি এবারের যাত্রা অনেক আনন্দময় এবং স্মরণীয়ই হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য, কনা-ইমরানের সঙ্গে মিউজিসিয়ানস হিসেবে যারা যাচ্ছেন তারা হচ্ছেন সজল কুমার সাহা, জাহাঙ্গীর আলম জনি, অভিজিৎ চক্রবর্ত্তী ও কাইয়ূম।