উলিপুরে স্বর্ণময়ী সরোবরে দীপদান, অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা
কুড়িগ্রামের উলিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দীপদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার স্বর্ণময়ী সরোবর (কাচারিপুকুর পাড়) এলাকায় শ্রীশ্রী গোবিন্দজিউ মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উলিপুর উপজেলার সকল সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে এ কর্মসূচিতে আলোচনা সভা, শ্রীমদ্ভাগবত পাঠ ও তুলসী আরতিসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজকদের প্রকাশিত ব্যানারে উল্লেখ করা হয়, পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন, দেশমাতৃকার কল্যাণ এবং জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনায় এ দীপদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ভক্তপদ রেণু কামনায় ছিলেন সুশান্ত কুমার রবিদাস (শুভ)। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন সঞ্জিত কুমার মোদক (সমিরন), আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, উলিপুর উপজেলা শাখা।
অনুষ্ঠানে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ও সনাতনী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।