উধারবন্দে নদীতে স্নান করতে গিয়ে ২ বন্ধুর সলিলসমাধি
৫ বন্ধুদের সঙ্গে আসামের উধারবন্দের মধুরার দয়াদিশা এলাকায় ঘুরতে গিয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটল। আনন্দ মুহুর্তেই বিষাদে পরিণত হল। নদীতে স্নান করতে গিয়ে সলিলসমাধি ঘটল ২ বন্ধুর। ঘটনাটি ঘটেছে রবিবার (২৯ জুন) বিকেলে। ২ জনই শিলচরের কনকপুরের বাসিন্দা। তাঁরা হলেন নারু দত্ত (১৯) ও রাজদীপ দাস (২৩) বলে জানা গেছে। প্রকাশ, এদিন ৫ বন্ধু মধুরার দয়াদিশায় পিকনিক করতে যায়। নদীতে স্নান করতে নেমে পা পিছলে নারু এবং রাজদীপ জলে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা উধারবন্দ থানায় খবর দিলে এসডিআরএফ বাহিনী পৌঁছে তল্লাশি অভিযান চালিয়ে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।