
উত্তরবঙ্গের জলপাইগুড়িতে হাতি তাড়িয়ে ফেরার পথে ২ যুবকের মৃত্যু
ফের হাতির হামলা ভারতের উত্তরবঙ্গে। প্রাণ গেল ২ যুবকের। বৃহস্পতিবার (২২ মে) ভোররাতে ঘটনাটি সংগঠিত হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ির তিস্তার দুধিয়ার চরে। গত কয়েকদিন ধরেই হাতির হামলার আতঙ্কে কাঁটা এলাকার বাসিন্দারা। হাতি তাড়িয়ে ফেরার পথে তাদের আক্রমণেই মৃত্যু হল ২ জনের। স্থানীয় ও বনদপ্তর সূত্রে প্রকাশ, মৃতদের নাম তুষার দাস ও নারায়ণ দাস। গত কয়েকদিন ধরেই হাতির ভয়ে তটস্থ তিস্তার পাড়। একশোটির বেশি হাতি ছোট ছোট দলে ভাগ হয়ে হানা দেয় বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন দুধিয়ারচর ,টাকিমারিও সংলগ্ন এলাকায়। বনদপ্তরের সঙ্গে হাতি তাড়াতে গিয়েছিল এলাকার যুবকরা। হাতি তাড়িয়ে ভোররাতে ফেরার পথে হাতির হামলায় মৃত্যু হয় তুষার ও নারায়ণের। পা দিয়ে তাঁদের পিষে দেয় বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ। কিন্তু মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাচ্ছে বাসিন্দারা। তাঁদের দাবি, গত কয়েকদিন ধরেই হাতির দল হানা দিচ্ছে। ১৪ মে হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গিয়েছিল কেরল থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের। তারপর থেকেই বন দপ্তরের কাছে তাঁরা আবেদন করেছিলেন, কড়া নজরদারি চালানোর হয় যাতে জনবসতি এলাকায় হাতি না ঢুকতে পারে। তারপরেও বৃহস্পতিবার (২২মে) ভোররাতে অঘটন ঘটে গেল। বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়নি।
![]()









