উত্তরপ্রদেশে ৭ বছরের শিশুকে ধর্ষণ করে খুন! চাঞ্চল্য এলাকায়
৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। স্থানীয় একটি নির্মীয়মাণ মলের বেসমেন্ট থেকে উদ্ধার হয় তার রক্তাক্ত মৃতদেহ। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, ঘটনাটি ঘটেছে নন্দগ্রাম থানার অন্তগর্ত রাজনগর এলাকায়। পরিবারের দাবি, শনিবার (১১ জুলাই ) সকালে একটি নির্মীয়মাণ মলের বেসমেন্ট থেকে উদ্ধার হয় শিশুর দেহটি। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ভেঙে গিয়েছিল শরীরের একাধিক হাড়ও। তদন্তকারীদের অনুমান, শিশুটিকে নির্মীয়মাণ মলটির তিনতলা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হয়েছে। যদিও সবদিক খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া সেখানে স্পষ্ট করা হয়েছে, মাথায় গুরুতর আঘাতের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধর্ষণ, হত্যা, অপহরণ এবং পকসো ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।