উত্তরপ্রদেশে শিশুকন্যাকে গণধর্ষণ করে খুন ! পুলিশের এনকাউন্টারে আহত ২ অভিযুক্ত
নতুন বছরের শুরুতেই ভারতের উত্তরপ্রদেশের বুলন্দ শহরে নারকীয় অপরাধ। ৬ বছরের এক শিশু কন্যাকে গণ ধর্ষণ করে প্রমাণ লোপাটের জন্য ৩ তলার ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ উঠল ২ তরুণের বিরুদ্ধে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অবশ্যই ধরা পড়েছে অভিযুক্তরা। এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছে তারা। ২ জানুয়ারি রাতে বুলন্দ শহরের সিকন্দরাবাদ এলাকায় ঘটনাটি সংগঠিত হয়েছে। শিশুটির বাবার অভিযোগ, তাঁদের বাড়িতেই ভাড়াটিয়া হিসেবে থাকা রাজু এবং বীরু কাশ্যপ এই জঘন্য কান্ড ঘটিয়েছে। শিশুটি ছাদে খেলছিল, সেই সময় অভিযুক্তরা তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায় এবং পরে পেছনের মাঠে ছুড়ে ফেলে দেয়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার (৩ জানুয়ারি ) সকালে পুলিশ খবর পায় যে, অভিযুক্তরা একটি নির্মায়মাণ কলোনিতে লুকিয়ে রয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে ফেললে অভিযুক্তরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিতে রাজু ও বীরু ২ অভিযুক্তেরই পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাদের গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক জেরায় অভিযুক্তরা নিজের অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।