উত্তরপ্রদেশে লরির পিছনে এসে সজোরে ধাক্কা বাসের, দুর্ঘটনায় ৫ জন নিহত
সাতসকালে উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুত গতিতে লরির পিছনে ধাক্কা মারল একটি যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার (২১ নভেম্বর ) ভোর রাতে ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ের কাছে এক দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। ডবল ডেকার যাত্রীবাহী বাসটি এমনভাবে লরির পিছনে ঢুকে যায়। সেটির সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। বাসের ভিতরেই আটকে পড়েন যাত্রীরা। জানা যায়, যাত্রীবাহী বাসটি দিল্লি থেকে উত্তরপ্রদেশের আজমগড়ের দিকে যাচ্ছিল। তাপ্পল থানার কাছে লরির পিছনে ধাক্কা মারে সেটি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করার পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। নিহতদের মধ্যে ৩ জন যাত্রীকে শনাক্ত করা গেলেও ২ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।