উত্তরপ্রদেশে এনকাউন্টার, ৩ খলিস্তানি জঙ্গি নিহত
ভারতের উত্তরপ্রদেশে আবারও এনকাউন্টার। নিহত ৩ খলিস্তানি জঙ্গি। তাঁরা পাঞ্জাব পুলিশের খাতায় " ওয়ান্টেড" তালিকায় ছিলেন বলে জানা গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তরপ্রদেশে পুলিশের সঙ্গে এনকাউন্টারে ৩ জনের মৃত্যু হয়েছে। পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ পুলিশের তরফে ওই জঙ্গিদের সন্ধানে যৌথ অভিযান চালানো হয়েছিল। উত্তরপ্রদেশের পিলভিটে তাঁদের খোঁজ পায় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ দল সেখানে পৌঁছায়। পুলিশের দাবি, তাঁদের দেখে ৩ অভিযুক্ত গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশ ও। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই প্রাণ হারান ৩ জন। পুলিশ সূত্রে প্রকাশ, নিহতেরা হলেন, গুরবিন্দর সিংহ, বীরেন্দ্র সিংহ এবং যশনপ্রীত সিংহ। তাঁদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। নিষিদ্ধ গোষ্ঠী খলিস্তান কম্যান্ডো ফোর্সের সদস্য তাঁরা। ৩ জনই পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা। কিছুদিন আগে পাঞ্জাবের গুরুদাসপুরে পুলিশ চৌকিতে গ্রেনেড হামলায় অভিযুক্ত ছিল এই ৩ জন। তাঁদের কাছ থেকে ২টি একে ৪৭ রাইফেল সহ একাধিক পিস্তল উদ্ধার করা হয়েছে।