ইয়াবার টাকার জন্য বিক্রি করা শিশু উদ্ধার, বাবা- মা গ্রেপ্তার ও মুচলেকায় মুক্তি
শরীয়তপুর পৌরসভার চরপালং এলাকায় মাদকসেবী দম্পতি নেশার টাকার জোগান দিতে দেড় মাস বয়সী নিজেদের সন্তানকে ৩১ হাজার টাকায় বিক্রি করেছেন। এ ঘটনায় শিশুটির দাদি থানায় অভিযোগ করলে পুলিশ মা–বাবাকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে দাদির জিম্মায় দেয়। পরে মুচলেকা দিয়ে মুক্তি পান অভিযুক্ত দম্পতি।
ঘটনার বিষয়ে পালং মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম খলিল (৩২) ও তাঁর স্ত্রী শ্রাবণী বেগম (২৮) কয়েক বছর ধরেই মাদকের সঙ্গে জড়িত। পারিবারিক কলহ ও আর্থিক সংকটের কারণে সম্প্রতি তাঁরা তাদের দেড় মাস বয়সী শিশুপুত্রকে ৩১ হাজার টাকায় এক প্রতিবেশী নারীর কাছে বিক্রি করেন।
এ ঘটনায় ইব্রাহিমের মা ঝরনা বেগম পালং মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, ‘ছেলে ও ছেলের বউ নেশার মধ্যে ডুবে গেছে। প্রতিবাদ করলেই গালিগালাজ ও মারধর করে। সোমবার জানতে পারি, আমার দেড় মাসের নাতিকে বিক্রি করে দিয়েছে। সঙ্গে সঙ্গে থানায় যাই।’
অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। মঙ্গলবার বিকেলে পুলিশ ইব্রাহিম খলিল ও শ্রাবণী বেগমকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে দাদির জিম্মায় দেয়।
গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে ইব্রাহিম খলিল বলেন, ‘আমার বাবা আমাকে ২০ হাজার টাকা দিয়েছিলেন। আমি সেই টাকা দিয়ে এক বন্ধুর কাছ থেকে ইয়াবা আনাতে বলেছিলাম। সে টাকা মেরে দেয়। বাবার পাওনা শোধ করতেই ছেলেকে ৩১ হাজার টাকায় বিক্রি করেছি। আর কোনো উপায় ছিল না।’
ঘটনার বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিই। শিশুটিকে উদ্ধার করে দাদির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।