
ইজিবাইক উল্টে রাজাপুরে কিশোরের মৃত্যু, আহত ২
ঝালকাঠির রাজাপুরে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে মো. আদিব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা নিশাত সুলতানা (৩০) এবং ইজিবাইকের চালক মো. হেমায়েত তালুকদার (৪৫) মারাত্মক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের উপজেলার নারিকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদিব উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাহরাইন প্রবাসী মো. রিয়াজ বিশ্বাস ও নিশাত সুলতানা দম্পতির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে মা ও ছেলেকে নিয়ে ইজিবাইকটি রাজাপুর থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের নারিকেলবাড়িয়া এলাকায় পৌঁছালে ইজিবাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে উল্টে যায়। এতে ইজিবাইকে থাকা তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশোর আদিবকে মৃত ঘোষণা করেন। আহত নিশাত সুলতানা ও ইজিবাইকচালক হেমায়েত তালুকদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
![]()









