ইউনুস সরকারের আমলে আসামে ধৃত ২৩ জন জঙ্গিঃ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
বাংলাদেশ সরকারের পালা বদলের পর এখনও পর্যন্ত আসাম থেকে বাংলাদেশি জেহাদি সংগঠন গুলির সঙ্গে সম্পর্কযুক্ত মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা বুধবার (১ জানুয়ারি ) একথা জানান। তিনি জানান, আসাম পুলিশের এসটিএফ " অপারেশন প্রঘাত" অভিযান চালানোর পাশাপাশি এনআইএ এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে হাত মিলিয়ে জেহাদি-দমন অভিযানে নেমেছে। মুখ্যমন্ত্রী বলেন, ঢাকায় পালা বদলের পরে জেহাদিদের এই মাথাচাড়া দেওয়া নিয়ে আসামের সরকার ও পুলিশ সতর্ক। তাই আসাম, বাংলা, কেরল থেকে জেহাদিরা ধরা পড়ছে। আসামে উদ্ধার হয়েছে জেহাদির অস্ত্র ভান্ডার। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশে নতুন অন্তবর্তীকালীন সরকারের আমলে হিন্দুদের উপরে অত্যাচার হলেও হিন্দুরা মোটেই সে দেশ ছেড়ে পালাছেন না, বরং তাঁরা অনেক বেশি সংযম ও পরিণত মনস্কতার পরিচয় দিয়েছেন। যাঁদের পালানোর তাঁরা কয়েক দশক আগেই ভারতে চলে এসেছেন। তবে এখন যাঁরা আছেন তাঁরা বাংলাদেশকেই নিজের দেশ মানেন ও ভালবাসেন। হিমন্ত আরও বলেন, " বর্তমান পরিস্থিতিতে বরং বাংলাদেশ থেকে মুসলিমদের অনুপ্রবেশই বেড়েছে। তার মূল কারণ সে দেশে পোশাক শিল্প ক্ষেত্র ভেঙে পড়া। রোজগারের আশায় আসা গড়ে ২০ থেকে ৩০ জন অনুপ্রবেশকারী প্রতিদিন ধরার পড়ছে আসাম ও ত্রিপুরায়। গত ৫ মাসে সহস্রাধিক মুসলিম অনুপ্রবেশকারী ধরা পড়লেও একজন ও হিন্দু ধরা পড়েননি। আমরা জটিলতা এড়াতে সীমান্তে আটক লোকদের গ্রেফতার না করে পুশ ব্যাক করছি বাংলাদেশে।" হিমন্ত বলেন, " তদন্তে জানা গেছে, ভারতের একাংশ পোশাক কারখানা বাংলাদেশ থেকে সস্তা শ্রমিক পেতে ওই অনুপ্রবেশে মদত দিচ্ছে ও টাকা ঢালছে।