
আসামে মদ্যপ জামাতার হাতে শ্বশুর খুন, গ্রেফতার
ভারতের আসামরাজ্যে মদ্যপ জামাতার ধারালো অস্ত্রের আঘাতে শ্বশুর খুনের চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, বরপেটা রোড সংলগ্ন বিলাসীপাড়া এলাকায় সংগঠিত হত্যাকান্ডে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, মদ্যপ অবস্থায় একব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নিজের শ্বশুরকে খুন করেছেন। নিহতের নাম কাসেম আলী(৬০)। অভিযুক্ত জামাতার নাম জহর আলী (৪০)। পরিবার ও স্থানীয় সূত্রে প্রকাশ, রবিবার (২৬ জুলাই ) গভীর রাত ১টা ৩০ মিনিটে জহর আলী মদ্যপ অবস্থায় শ্বশুরবাড়িতে এসে অশান্তি সৃষ্টি করেন। এসময় শ্বশুর কাসেম আলী বাধা দিলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত জামাতা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি আঘাত করেন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই কাসেম আলীর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে আটক করে বরপেটা রোড থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান এবং অভিযুক্ত জহর আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ইতিমধ্যে ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল পৌঁছে বৈজ্ঞানিক তদন্ত করেন। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশের সন্দেহ। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে।
![]()









