আসামে পুলিশের শিবির লক্ষ্য করে গ্রেনেড হামলা আলফার ! আহত ৪
ভোটের প্রাক্কালে ভারতের আসাম পুলিশ শিবির লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠল। রবিবার (২২ মার্চ ) তিনসুকিয়ার এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন পুলিশ কর্মী। তাঁদের ডিব্রুগড়ের হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার নেপথ্যে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম বা আলফা ( আই) জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। ৯ এপ্রিল আসামে বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার (২২ মার্চ ) গভীর রাতে তিনসুকিয়ার জাগুন এলাকার পুলিশ কমান্ডো শিবিরে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। অরুণাচল - আসাম সীমান্তের কাছে রয়েছে এই শিবির। মনে করা হচ্ছে, গ্রেনেড বা রকেট চালিত গ্রেনেড ছোড়া হয়েছে। এই নিয়ে পুলিশ বা জেলা প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি। সূত্রের খবর, অন্তত ৫ টি গ্রেনেড শিবির লক্ষ্য করে ছোড়া হয়েছে। তারপরেই অভিযুক্তদের খোঁজে গোটা এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।