আসামে পুকুরে ডুবে বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু
আসামরাজ্যের চরাইদেউ জেলার সাপেখাতির ১ নম্বর ধুনিয়াপথারে এক শোকাবহ ঘটনা ঘটেছে। বাড়ির চৌহদ্দিতে থাকা পুকুরে ডুবে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, সৌরভ গগৈ নামে এক যুবক বাড়ির কাছের পুকুরে মাছ ধরার সময় হঠাৎ পিছলে জলে পড়ে যান। ছেলেকে জল থেকে উদ্ধার করতে তাঁর বাবা লক্ষী গগৈ পুকুরে ঝাঁপ দেন। কিন্তু দুর্ভাগ্যবশত, ২ জনেই জলে ডুবে যান। ঘটনা ঘটেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) বিকেলে। পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পুকুর থেকে ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাঁদের ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা সাপেখাতি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা- ছেলের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং স্থানীয় বাসিন্দারা গভীর শোকপ্রকাশ করেছেন।