আসামের ডিগবয়ে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
ভারতের আসামরাজ্যের তিনসুকিয়া জেলার ডিগবয়ের বগাপানি এলাকায় সোমবার (৮ জুন) গভীর রাতে সংগঠিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে। দ্রুতগতিতে চলা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ধারে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ২ যুবকের নাম জ্যোতিস্মান দত্ত এবং সাহিল হোসেন। পুলিশ সূত্রে প্রকাশ, তাঁরা তিনসুকিয়া থেকে ডিগবয়ের উদ্দেশ্যে আসছিলেন। পথের মধ্যে বগাপানি এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই ২ যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং মৃতদেহ ২টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার জেরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।