আসানসোলের কুলটিতে মাটি ধসে মর্মান্তিক মৃত্যু ৩ জনের
খোলামুখ খনিতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা। ধস নেমে মাটি চাপা পড়ে মৃত্যু ৩ জনের। আরও বেশ কয়েকজনের আটকে থাকার আশংকা ও করা হচ্ছে। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের কুলটিতে। ওই এলাকায় বিসিসিএলের খোলামুখ কয়লা খনি রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, ওই খনিতেই কয়েকজন যুবক নেমেছিলেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি ) সকালে ঘটে ভয়াবহ ওই দুর্ঘটনা। খোলামুখ খনির ভিতরে ধস নামে। মাটি চাপা পড়ে মৃত্যু হল ৩ জনের। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান স্থানীয়রা। কিছু সময়ের মধ্যেই বিসিসিএলের কর্মী, নিরাপত্তা রক্ষীরা ও সেখানে পৌঁছে যান। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। ৩ জনের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খনিতে আরও কয়েকজন আটকে থাকার আশংকা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে ওই ঘটনা ঘটল, সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। খনির ভিতরে আটকে থাকা লোকজনের উদ্ধারের জন্য মাটি কাটার মেশিন নামানো হয়েছে। ঘটনার খবর পেয়েই ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও সিআইএসএফ মোতায়েন করা হয়েছে।