মন্তব্য প্রতিবেদন:
আ’লীগের ভুল পথেই কী হাটছে বিএনপি!
আকাশ মাহমুদ
ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলনে টানা তৃতীয় মেয়াদে থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। গণতন্ত্রের অজেয় শক্তির কাছে দলীয় শক্তির বিপর্যয়ের এই ইতিহাস থেকেও শিক্ষা নিতে পারছে না টানা ১৫ বছরের সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি। রাষ্ট্র সংস্কারের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানালেও মাঠের চিত্র ভিন্ন। বর্তমান প্রেক্ষাপটে পরিলক্ষিত হচ্ছে আওয়ামী লীগের সাম্রাজ্য দখলে নিচ্ছে বিএনপি। এ অবস্থা কোনোভাবেই ছাত্র-জনতার কাছে গ্রহণযোগ্য হবে না তা স্পষ্ট হয়ে উঠছে। জনগণ আর কোনো একক দলের ওপর আস্থাশীল নয়Ñ এটিই এখন দৃশ্যমান। এ বিষয়ে মন্তব্য প্রতিবেদন লিখেছেন সিনিয়র সাংবাদিক আকাশ মাহমুদ। আওয়ামী লীগ সরকারের দেড় দশকেরও বেশি সময়ে সারাদেশে একচ্ছত্র প্রভাব ও দাপিয়ে বেড়ানো নেতাকর্মীরা এখন পালিয়ে আছে। তাদের সাম্রাজ্য দখলে নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এ যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। প্রতিটি জনপদে চাঁদাবাজি, দখল, প্রভাব বিস্তারের প্রতিযোগিতা জনমনে আবারও আতঙ্ক সৃষ্টি করেছে। সরকার পরিবর্তনের পাঁচ মাসে এ চিত্র এখন দেশের প্রতিটি জনপদে। সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকল পর্যায়ের গণমাধ্যমে এ দখলবাজি, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের ঘটনার খবর প্রকাশিত-প্রচারিত হচ্ছে। প্রিয় পাঠক, বর্তমান প্রেক্ষাপটে দেশের এমন অবস্থা হবে কেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটু পেছনে ফিরে যেতে হবে। শেখ হাসিনা সরকারের চার মেয়াদের প্রথম দুই মেয়াদ ছিল স্বাভাবিক এবং জনকল্যাণমুখী। এরপর তৃতীয় মেয়াদে একদলীয় শাসন প্রতিষ্ঠার অনুচিত প্রয়াস শুরু হয়। এই সুযোগে মধ্যস্বত্বভোগী ও দস্যু প্রকৃতির লোকজন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোই ঢালাওভাবে প্রবেশ করতে থাকে। দল এবং সংসদে অসাধু ব্যবসায়ীচক্রের অনুপ্রেবেশে দলের মধ্যে কায়েমী স্বার্থবাদীদের সংখ্যা ও প্রভাব বাড়তে থাকে। পাড়া মহল্লায় নব্য আওয়ামী লীগারদের সংখ্যা বাড়তে থাকে। এদের অত্যাচার-নির্যাতনে জনজীবনে নেমে আসে পরাধীনতার শৃঙ্খল। পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে মসজিদ কমিটি, ময়লা-আবর্জনা পরিষ্কার কমিটি, রাতে নিরাপত্তা প্রহরী কমিটিগুলোতে আওয়ামী লীগের অতি-উৎসাহীরা জবর দখল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। দলের মূল স্রোতে নেতৃত্বে স্থান না পাওয়ায় এই দুষ্টচক্রটি মানুষের যাপিত জীবনে হুমকি হয়ে দাঁড়ায়। অপরদিকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর ওয়ার্ড কমিটি, থানা-কমিটির নেতাদের বেশিরভাগই নব্য আওয়ামী লীগারদের ব্যবহার করে অবৈধ অর্থ হাতিয়ে নেয়ার একটি রুটিন তৈরি করে সর্বত্রই জবরদখল, চাঁদাবাজি, লুটপাটের অভয়ারণ্য গড়ে তোলে সারাদেশে। জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনে দলীয় পরিচয়ে নিয়োগ এবং একচ্ছত্র প্রাধান্য প্রতিষ্ঠা করে রাষ্ট্রীয় অর্থ ও সম্পদ লুটপাটের নতুন নজির স্থাপন করে প্রজাতন্ত্রের কপালে কলঙ্কের তিলক পড়ানো হয়। এভাবে আওয়ামী লীগ সরকারের টানা দ্বিতীয় মেয়াদ শেষ হয়। তৃতীয় মেয়াদের শুরুতেই মুক্তিযোদ্ধা-অমুক্তিযোদ্ধা ইস্যুকে আরো জোরালো করে তুলে ভিন্ন মতের লোকজন দমন-পীড়ন শুরু হয়। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার এই সর্বনাশী প্রক্রিয়া এতটাই জোরালো করা হয় যে, দেশের জনগণ হয়ে পরে গিনিপিগ। ইতিহাসের টার্নিং পয়েন্টের সূচনা লগ্নটি ছিল এমনই।
রাজধানী ঢাকার সায়েদাবাদ, গাবতলী, সদরঘাটসহ দেশের বিভিন্ন মহানগরের গণপরিবহণের কাউন্টারগুলো নিয়ন্ত্রণ ও দখলে নেয়া হয় সরকার পতনের দিন থেকেই। সারাদেশে উত্তেজনা-অস্থিরতা এবং ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনে সমগ্র জাতি যখন চরম উদ্বেগ-উৎকণ্ঠায় এমতাবস্থায় ৫ আগস্ট সরকার পতনের খবরে লাখো জনতা যখন রাস্তায় নেমে পড়েন, একদিকে বিজয়ের বাঁধভাঙা উদযাপন চলে অন্যদিকে চলে দখলবাজির মহোৎসব। কারা এসব নব্য দখলদার গোষ্ঠীÑ এমন প্রশ্ন জনগণ থেকে সর্বত্র। নানামুখী অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ জনসাধারণ স্বস্তির মুখ দেখার অপেক্ষায় থেকে অবশেষে দেখল দেড় দশক গর্তে লুকিয়ে থাকা ক্ষুধার্ত মানুষগুলো যেন ভুঁড়িভোজে নামছে।
সাফল্য-ব্যর্থতার ধারাবাহিকতার সরল বিশ্লেষণে দেখা যাচ্ছে, আওয়ামী লীগ সরকারের জাতীয় উন্নয়নে বাংলাদেশ হয়ে ওঠে রোল মডেল। যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে যে উন্নয়ন ঘটে তা অভাবনীয়। কিন্তু এর নেপথ্যে শুরু হয় সাগরচুরি। প্রকল্পের নামে সর্বত্রই চলে লুটপাটের মহোৎসব। উন্নয়নের ধারায় গতি বাড়াতে গিয়ে দুষ্টচক্রের পরামর্শে সরকার জাতীয় রিজার্ভে হাত দেয়। এক সময় রিজার্ভ হয়ে পড়ে রুগ্ন, জীর্ণ-শীর্ণ। অপরদিকে অর্থপাচারের মধ্য দিয়ে সকল স্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা হয়ে ওঠেন শত থেকে হাজার কোটি টাকার মালিক। নামে-বেনামে সম্পদের পাহাড় গড়ে তোলা চক্রটি এখন হয় বিশাল সমুদ্র ও আকাশপথে বিদেশে পালাচ্ছে নয়তো গভীর গর্ত-অরণ্যে গা-ঢাকা দিয়েছে। বাংলাদেশের আর্থিক খাত ধ্বংসের ইতিহাস রচিত হয় এভাবেই। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্র্বতীকালীন সরকার রাষ্ট্র সংস্কার কার্যক্রমে হাত দেয়। সকল দল-মত এক কাতারে দাঁড়ায়। দেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ দল বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল এতদিন প্রকাশ্যে সরকারকে সহযোগিতার কথা বললেও এখন দলের নেতাকর্মীদের একটি বড় অংশই ব্যক্তিস্বার্থের চিন্তায় অনুচিত কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর অবৈধ দখলবাজি, চাঁদাবাজির স্পটগুলো এখন তারা দখলে নিতে থাকে। রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পাওয়া খবরে জানা গেছে, আওয়ামী লীগের আমলে যেসব সন্ত্রাসী, চাঁদাবাজ ও মিছিলবাজরা মাঠ দাপিয়ে বেড়াতো তাদেরই একটি অংশকে দলে টেনেছে বিএনপির পাতি নেতারা। বড় নেতাদের কাছে নিজেদের গুরুত্বপূর্ণ করে তুলতে গিয়ে সন্ত্রাসীদের কাছে টানছে তারা। এখানেই সন্ত্রাসী, চাঁদাবাজ ও তাদের অবৈধ অস্ত্রগুলোর হাত বদলের ঘটনা ঘটছে। আবার এ সন্ত্রাসী-চাঁদাবাজদের দিয়ে পাতি নেতারা মাদক স্পটগুলো থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করছে। নিরীহ মানুষের জমি-জমা জবর দখলেও সশস্ত্র সন্ত্রাসীরা নেতা-পাতি নেতার পক্ষে ও নির্দেশে সক্রিয় হচ্ছে। সন্ত্রাসীরা রাজনৈতিক ছত্রছায়া ছাড়া কোনোভাবেই রক্ষা পায় না, এটি আমাদের সমাজের কলঙ্কিত এক নৈমিত্তিক ইতিহাসের দৃশ্যপট!
বর্তমান প্রেক্ষাপটে দেশে টানা যৌথ অভিযান চলছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকের গডফাদার, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের ধরতেই এই সাঁড়াশি অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে সারাদেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের পরিধি বাড়ানোর তাগিদও দেয়া হয়েছে। পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, বিভিন্ন থানা থেকে লুণ্ঠিতসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে ৩ হাজার ৮৮০টি। গুলি জব্দ করা হয়েছে দুই লাখ ৮৬ হাজার ৩৫৩ রাউন্ড, টিয়ার গ্যাসের শেল ২২ হাজার ২০১টি ও সাউন্ড গ্রেনেড দুই হাজার ১৩৯টি। এ চিত্রটি সন্তোষজনক নয় বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। শুধু অবৈধ অস্ত্র উদ্ধারই পর্যাপ্ত নয়, দেশে নাগরিকদের কাছে বৈধ অস্ত্র প্রায় ৫০ হাজার। এর মধ্যে ১০ হাজারের বেশি অস্ত্র রয়েছে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীর হাতে। এসব বৈধ অস্ত্রের মধ্যে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র জমা দেয়া হয়েছে ৩ হাজার ৮৮০টি। এখনও জমা হয়নি ৪৬ হাজারের বেশি অস্ত্র। বৈধ প্রায় ৪৬ হাজার অস্ত্র জমা না পড়ায় ভাবিয়ে তুলেছে আইন শৃংখলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের। পাশাপাশি রয়েছে শঙ্কাও। থানা ও ফাঁড়ি থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র জমার পাশাপাশি উদ্ধারের পরিমাণও তেমন সন্তোষজনক নয়। বর্তমান প্রেক্ষাপটে একদিকে আন্ডারওর্য়াল্ডে গোপন তৎপরতা বাড়ছে শীর্ষ সন্ত্রাসীদের এমন খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিশেষায়িত ইউনিটের সতর্কতা ও নজরদারি জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে একাধিক মিটিং করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাজধানীসহ সারাদেশে বহুসংখ্যক গডফাদার ছড়িয়ে আছেন। তাদের প্রায় সবাই এখন পলাতক কিংবা গা-ঢাকা দেয়া। নানা সূত্রে জানা গেছে, গডফাদারদের ঘনিষ্ঠ সহযোগীদের অনেকে মাঠে আছে, পরিস্থিতি পরিবর্তনের অপেক্ষা করছে। যৌথ বাহিনীর অভিযানে এসব সন্ত্রাসী গডফাদার গ্রেপ্তার হবে এমন প্রত্যাশাই করছে দেশবাসী। সূত্র মতে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে ৭ হাজার ৫৪৭টি এবং বিএনপি নেতাকর্মীদের হাতে ২ হাজার ৫৮৭টি বৈধ আগ্নেয়াস্ত্র আছে। এর বাইরে গডফাদারদের দখলে থাকা অবৈধ অস্ত্রের পরিমাণ বহুগুণ বলে মনে করে পর্যবেক্ষক মহল। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা এবং জমি-জমার জবরদখলের পেছনে অবৈধ অস্ত্রের শক্তি কাজ করছে। সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক এবং এর গডফাদারদের ধরা আরো সহজ হবে যদি স্থানীয় পুলিশ প্রশাসন সৎ এবং আন্তরিক হন। রাষ্ট্র ক্ষমতার পালাবদলে মুক্তি মেলেনি সাধারণ জনগোষ্ঠীর। রাজধানী ঢাকাসহ দেশের ৬৪ জেলার সর্বত্র বাস টার্মিনাল দখল, সড়কে থাকা অস্থায়ী বাজার, ময়লা-আবর্জনা এমনকি পাবলিক টয়লেট পরিষ্কারের ঠিকাদারি থেকে শুরু করে ফুটপাতের লাখো টং দোকান থেকে দিনে কোটি কোটি টাকা চাঁদা তোলার নিয়ন্ত্রণ-দখলে নেয়াই যেন বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের ধ্যান-জ্ঞানে পরিণত হয়েছে। সেনাবাহিনীর সমর্থন নিয়ে গণঅভ্যুত্থানে বিজয়ী ছাত্র-জনতার অন্তর্র্বতীকালীন সরকার যেখানে বিদ্ধহস্ত রাষ্ট্র ব্যবস্থাপনা পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ নির্মাণ ও অর্থনীতির মেরুদণ্ড বিনির্মাণে কাজ করছে সেখানে দেড় দশকের বেশি সময় রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীদের একটি বড় অংশই সর্বত্র দখলবাজিতে নেমেছেÑ যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর হুঁশিয়ারি বার্তা ও বহিষ্কারের মতো শাস্তির খড়গেও প্রত্যাশিত মাত্রায় থামানো যচ্ছে না। আশার বার্তা বহন করা তথ্যে দেখা যাচ্ছেÑ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের কঠোর বার্তার পর দলীয় শীর্ষ নেতৃবৃন্দের সিন্ধান্ত ও নির্দেশনায় ইতিমধ্যেই ঢাকাসহ দেশের বেশ কয়েটি জেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর কমিটি ভেঙ্গে দেয়ার সতর্ক উদ্যোগ নেয়া হচ্ছে। এ বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ ইতিবাচক হিসেবে দেখছেন।
বিএনপি মিডিয়া সেলের দেয়া তথ্য থেকে জানা যায়, গণঅভ্যুত্থানের পর দলীয় আদর্শ বিরোধী ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ পর্যন্ত ১০২৩ জন নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে ৫২৩ জনকে কারণ দর্শানোর নোটিশ, ৪৩৭ জনকে বহিষ্কার, ২৪ জনের পদ স্থগিত, ৩৫ জনকে সতর্ক ও ৪ জনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেয়া হয়েছে।
নেতা কর্মিদের আচরণ নিয়ন্ত্রণে দল কী পদক্ষেপ নিচ্ছে তা জনগণের কাছে বড় একটি বিষয়। সম্প্রতি সময়ে দলীয় মনোভাব বোঝাতে বিএনপি যে নতুন ধারার গুণগত রাজনীতির চর্চার ইতিবাচক ধার্য়া ফিরতে চায় তার বহিঃপ্রকাশ ঘটছে। বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি বক্তব্য দেশের মানুষ অত্যন্ত আগ্রহভরে গ্রহণ করছে। যা স্পষ্টতই প্রশংসার দাবি রাখে।