আলিয়া মাদ্রাসায় বই উদযাপন
ঐতিহ্যবাহী (রায়পুর- লক্ষীপুর) কামিল মাদ্রাসা নতুন কারিকুলামকে সামনে রেখে বই বিতরণ উৎসব ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১লা জানুয়ারি মানেই হচ্ছে নতুন শিক্ষাবর্ষের যাত্রা এবং বই উৎসব। নতুন শ্রেণি, নতুন ক্লাসরুম আর নতুন বই। এই তিনে মিলে শিক্ষার্থীদের উৎসব আজ।
আজ দেশের প্রতিটি স্কুল/ মাদ্রাসায় উৎসবের আমেজে বই বিতরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর স্কুল/ মাদ্রাসা গুলোতে এমন প্রস্তুতিও নেওয়া হয়েছে।
উক্ত বই বিতরণ উৎসব ও সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আ ন ম নিজাম উদ্দিন , উপাধ্যক্ষ মাওলানা মন্জুর হোসাইন, মুহাদ্দিস মাওঃ নোমান সালেহী, মুহাদ্দিস মাওঃ আমির হোসেন, সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন, সহকারী অধ্যাপক জনাব এনামুল কবির, আরবী প্রভাষক জহিরুল হক, সহকারী শিক্ষক মোবারক হোসাইন, জনাব সাইফুল ইসলাম, জনাব আল আমিন,জনাব জিহাদুল ইসলাম ভূঁইয়া সহ অন্যান্য শিক্ষক, কর্মচারী ও অভিভাবকবৃন্দ।
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত রাজনীতিবিদরা। মাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের বই বিতরণে কেন্দ্রীয়ভাবে কোনো অনুষ্ঠান হবে না। তবে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হবে, এ কারণে শিক্ষামন্ত্রীকে অতিথি করে আয়োজিত অনুষ্ঠানে সম্মতি দেয়নি নির্বাচন কমিশন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অতিথি হিসেবে নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের বই উৎসবে অংশ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকালও শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এবার মাধ্যমিকের বই বিতরণে কেন্দ্রীয় কোনো আয়োজন নেই।
আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থী ৩ কোটি ৮১ লাখ ২৭ হাজার ৬৩০ জন। আর বই ছাপা হচ্ছে মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি। প্রথম, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাপানো হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৪২৩ কপি বই। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ১ হাজার ২৭৪টি। প্রাক-প্রাথমিকের জন্য ৬১ লাখ ৯৩ হাজার ৮৭৮ কপি বই ছাপা হয়েছে।
মাধ্যমিক শ্রেণি গুলোতে দেখা যায়- ষষ্ঠ শ্রেণিতে ৬ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার ৩০৮ কপি, সপ্তম শ্রেণির ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার কপি, অষ্টম শ্রেণির জন্য ৫ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১ কপি এবং নবম শ্রেণির জন্য ৫ কোটি ৬ লাখ ৮৪ হাজার ৫৭৩ কপি বই ছাপা হচ্ছে।
চার শ্রেণিতে নতুন কারিকুলামের বই : চলতি শিক্ষাবর্ষ থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৪ শিক্ষাবর্ষ থেকে এই পদ্ধতি ২য়, ৩য়, ৮ম ও ৯ম এবং ২০২৫ সালে এটি ৪র্থ, ৫ম ও ১০ম শ্রেণিতে চালু হবে। পর্যায়ক্রমে ২০২৬ ও ২০২৭ সালে এই পদ্ধতি চালু হবে উচ্চমাধ্যমিকে।