আমার পিতা জহিরউদ্দিন আহমদ
নিজাম আহমেদ
জহিরউদ্দিন আহমদ (১৯০৮-১৯৮৩)
জহির উদ্দিন আহমদ ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ সুফি মোহাম্মদ আব্দুল হাকিমের দ্বিতীয় পুত্র। তিনি ঢাকার মুসলিম হাইস্কুল থেকে মেট্রিকুলেশন এবং জগন্নাথ কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে গ্রেজুয়েশন লাভ করেন। শুধু হিন্দু ছাত্রদের জন্য নির্ধারিত জগন্নাথ কলেজে তিনি ছিলেন একমাত্র মুসলিম ছাত্র, যাকে, মেধার কারণে বিশেষ বিবেচনায় ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। উল্লেখ্য মেট্রিকুলেশনে তার ফলাফল ছিল খুবই ভালো। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন লাভ করার পরে তিনি চট্টগ্রামে ফিরে এসে কিছুদিন তাঁর পৈত্রিক বাড়ি বর্তমান লোহাগাড়া থানাধীন আধুনগর ইউনিয়নের সুফি মিয়াজী পাড়া গ্রামে অবস্থান করে ১৯৩০ সালে নাগাদ তাঁর পিতা মরহুম সুফি আব্দুল হাকিমের প্রবাস-বাড়ি মংডুতে চলে যান।
কলিকাতা মাদ্রাসা গ্র্যাজুয়েট সুফি আব্দুল হাকিম ব্রিটিশ সরকার কর্তৃক আরাকানে ভ্রাম্যমান শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হন। তাঁর প্রধান কাজ ছিল সরকারি উদ্যোগে বিভিন্ন গ্রামে বিশেষ করে মংডুতে ও স্যান্ডওয়েতে মুসলিম শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করা। ১৯০৩ সালে তাঁর মায়ের মৃত্যুর পর তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে প্রতিবছর তিনি সুফি মিয়াজী পাড়ার বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করতেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার জহির উদ্দিন আহমদকে আটক করেন এবং দিল্লির কারাগারে রাখেন কয়েক বছর। আরাকানে জাপানের আগ্রাসনের সময় জাপানি দখলদার বাহিনীর সাথে সহযোগিতা করার অভিযোগে তাঁকে মংডুতে গ্রেফতার করা হয়। কয়েক মাস পর তিনি আদালত থেকে বেকসুর খালাস পান। দিল্লির রেড রেডফোর্ট সামরিক কারাগার থেকে মুক্ত হয়ে তিনি আবারও চট্টগ্রাম হয়ে মংডুতে ফিরে আসেন।
তবে ১৯৪৮ সালে বার্মা স্বাধীন হলে বার্মা সরকার জহির উদ্দিন আহমদের এর বরাবরে বার্মাবাসীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উল্লেখ্য ১৯৪০ দশকের প্রথম ও মধ্যভাগে আরাকানে সংঘটিত স্থানীয় মগ ও মুসলিমদের সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে তিনি মুসলিমদের সংগঠিত করে মগদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অবদান রাখেন।
আরাকানের মুসলিমদের সংগঠিত করার জন্য তিনি আরাকান মুসলিম কনফারেন্স নামে একটি শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠা করেন। সে সময়ে তিনি মুসলিম সংখ্যা গরিষ্ঠ আরাকানকে প্রস্তাবিত পাকিস্তানের (পূর্ব পাকিস্তান) সাথে যুক্ত করার করার একটি প্রস্তাব নিয়ে কয়েকজন সহকর্মীসহ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সাথে করাচিতে সাক্ষাত করেন। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ জহিরুদ্দিন আমাদের এই প্রস্তাবে সাড়া দেননি। মোহাম্মদ আলী জিন্নাহ হয়তো মনে করেছিলেন এই প্রস্তাবটি গ্রহণ করলে বার্মা সরকার তাঁর পাকিস্তান প্রস্তাবের বিরোধিতা করবে। ফলে তার পাকিস্তান আন্দোলন হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে।
১৯৪৮ সালে বার্মা স্বাধীন হওয়ার পর বার্মা সরকার মুসলিমদের পর্যায়ক্রমে বিতাড়িত করতে শুরু করে এবং বর্তমানে মুসলিমদের সংখ্যা আরাকানে প্রায় ছয় লাখের নিচে নেমে আসে।
বার্মা সরকার কর্তৃক গ্রেফতার পরোয়ানা জারি হওয়ার পর জহিরউদ্দিন আহমদ তার সুফি মিয়াজীর পাড়ায় পৈত্রিক গ্রামের বাড়িতে সপরিবারে ফিরে আসেন ১৯৪৯ সালে।
তিনি চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলে উর্দু বিভাগে বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। ১৯৬৭ সালে তিনি শিক্ষকতা থেকে অবসর নেন এবং পাহাড়তলী রেলওয়ে হাই স্কুলে ১৯৭০ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। ১৯৮৩ সালে তাঁর মৃত্যু হলে তাঁকে স্থানীয় 'মসজিদের পাহাড়' সংলগ্ন মিয়াজীর পাড়ার মহল্লা বাসীদেরর গোরস্থানে দাফন করা হয়। তিনি তিন পুত্র এক কন্যা ও বিধবা স্ত্রী রাহেলা খাতুনকে রেখে যান। তাঁর প্রথম সন্তান পুত্র ডক্টর কুতুব উদ্দিন আহমদ ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে দীর্ঘদিন সুনামের সাথে শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করার পর সেখানেই তিনি ইন্তেকাল করেন ২০১৩ সালে মাত্র ৬৬ বছর বয়সে। তাঁকে ইংল্যান্ডের লুটনের দাফন করা হয়। তাঁর পরিবার (স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও নাতনি ) সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁর দ্বিতীয় সন্তান রেজিয়া সুলতান একজন সাবেক প্রধান স্কুল শিক্ষকা। তিনি বর্তমানে চট্টগ্রামের মহানগরের চকবাজার এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তাঁর তৃতীয় সন্তান নিজামউদ্দিন আহমেদ (নিজাম আহমেদ) বাংলাদেশে একজন নগণ্য সাংবাদিক। তাঁর চতুর্থ সন্তান বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী জালাল উদ্দিন আহমেদ সুফি মিয়াজী পাড়ায় বসবাস করছেন।