আবুরখীলে বৌদ্ধ বিহারে দুবৃত্তদের অগ্নিসংযোগ
রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব আবুরখীল তালুকদার পাড়া সংঘরাজ বিহারে ভোর বেলা দুর্বৃত্তদের দ্বারা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । এতে বৌদ্ধ বিহারের কিছু অংশ পুড়ে যায়।
ঘটনার বিবরনে জানা যায় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধাপ্রিয় ভিক্ষু আগুনে পোড়া গন্ধ পাওয়ার পর ঘুম থেকে উঠে দেখে বিহারে আগুন জ্বলছে । সংগে সংগে আগুন লেগেছে বলে চিৎকার করলে পাড়ার লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে ।
এতে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পায় এই বৌদ্ধ বিহার ।
এদিকে ৯৯৯ এ ফোন করলে রাউজান উপজেলার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এস আই মামুন ও এ এস আই সানু মং মার্মা এবং স্থানীয় ইউপি সদস্য দিবস বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাউজান থানাকে অবহিত করেন ।
পরে স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান নসরুল্লাহ চৌধুরী লালু,বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন এর সভাপতি অঞ্চল কুমার তালুকদার, বিএনপি নেতা দোলন বড়ুয়া সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ পুড়ে যাওয়া বৌদ্ধ বিহার পরিদর্শন করেন ।
তারা বলেন আবুরখীল একটি বিশাল বৌদ্ধ জনপদ এখানে সবধর্মের মানুষ সম্প্রিতির মাধ্যমে বসবাস করে আসছে । এই ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক যা আমাদের ধর্মীয় অনুভূতি ও এলাকার শান্তি-সম্প্রীতির উপর আঘাত হেনেছে।
স্থানীয়রা বলেন আমরা এই ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।
শান্তপ্রিয় গ্রামবাসী দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসন সহ সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন।
ভবিষ্যতে যেন আবুরখীলসহ কোথাও কোন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে, সে জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
এদিকে বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি অজয় বিকাশ বড়ুয়া বলেন আমরা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরুধ জানান স্থানীয় শান্তপ্রিয় গ্রামবাসী ও বিএনপি নেতৃবৃন্দ।