
আন্তর্জাতিক ওয়েবিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট এম ইকবাল হাছান
ফিলিস্তিন ইস্যু এবং বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে প্যালেস্টাইন ফাউন্ডেশন পাকিস্তান (PLF) কর্তৃক আয়োজিত এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ওয়েবিনার আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। “ফিলিস্তিন ইস্যু ও ইরানের ওপর যুদ্ধ” শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভায় বাংলাদেশ থেকে আমন্ত্রিত আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় আইন বিষয়ক সচিব ও চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট এম ইকবাল হাছান।
বাংলাদেশ সময় আজ ৩০ মার্চ সন্ধ্যা ৭টায় অনলাইনে এই সেমিনারটি শুরু হওয়ার কথা রয়েছে।
প্যালেস্টাইন ফাউন্ডেশন পাকিস্তান আয়োজিত এই বৃহৎ সম্মেলনে সারাবিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান বুদ্ধিজীবী, রাজনীতিবিদ এবং অধিকারকর্মীরা অংশ নিচ্ছেন। সম্মেলনে আলোচিত বক্তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সিরাজ-উল-হক, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, ভারতের মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী, তুরস্কের তয়সের হামদান এবং ফিলিস্তিনের ড. আব্দুল লতিফ হাজ। বিভিন্ন মহাদেশের প্রতিনিধিরা এই প্ল্যাটফর্মে একত্রিত হয়ে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় করণীয় নিয়ে নিজেদের সুচিন্তিত মতামত তুলে ধরবেন।
আন্তর্জাতিক এই ওয়েবিনারে বাংলাদেশের পক্ষ থেকে অ্যাডভোকেট এম ইকবাল হাছানের অংশগ্রহণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি মুসলিম উম্মাহর ঐক্য এবং ফিলিস্তিন সংকটে বাংলাদেশের নৈতিক অবস্থানের বিষয়টি আন্তর্জাতিক মহলে উপস্থাপন করবেন। এই সেমিনারের মাধ্যমে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের সাথে বাংলাদেশের প্রতিনিধি সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন, যা বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণকে আরও জোরালো করবে।
![]()









